আল-কায়েদার নতুন নেতা সাইফ আল-আদেল
আল-কায়েদার অন্তর্বর্তীকালীন নেতা মনোনয়ন দেওয়া হয়েছে মিসরীয় নাগরিক সাইফ আল-আদেলকে। মার্কিন বাহিনীর অভিযানে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর আদেলকে প্রধান হিসেবে মনোনীত করেছেন সংগঠনের নেতারা। কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশন গতকাল বুধবার এ খবর দিয়েছে।সাইফ আল-আদেল মিসরের বিশেষ বাহিনীর কর্নেল ছিলেন। ১৯৮১ সালে মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত হত্যাকাণ্ডের ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হয়। জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কারাভোগের পর ১৯৮৭ সালে তিনি আফগানিস্তানে চলে যান সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে। আল-কায়েদার প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি সংগঠনের অন্যতম সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।মার্কিন কৌঁসুলিরা জানান, ১৯৯৮ সালে কেনিয়ার রাজধানী নাইরোবি ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলার পরিকল্পনায় সহায়তা করেন আদেল। তিনিই নব্বইয়ের দশকে সুদান ও আফগানিস্তানে আল-কায়েদার জঙ্গিদের জন্য প্রশিক্ষণশিবির স্থাপন করেন। ২০০৩ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে সন্ত্রাসী হামলার জন্য আদেলকে দায়ী করা হয়।আল-জাজিরার খবরে বলা হয়, মিসরীয় জঙ্গি আদেলকে অন্তর্বর্তীকালীন প্রধান করার পাশাপাশি বিভিন্ন অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছে মুস্তাফা আল ইয়ামেনিকে। তবে মুস্তাফা কোন দেশের নাগরিক, তা জানায়নি আল-জাজিরা।ওসামা বিন লাদেনের একসময়কার ঘনিষ্ঠ সহযোগী বর্তমানে লন্ডনভিত্তিক ‘চরমপন্থাবিরোধী’ প্রতিষ্ঠান কুইল্লিয়াম ফাউন্ডেশনের বিশ্লেষক নোমান বোনাতমানও আদেলকে আল-কায়েদার অন্তর্বর্তীকালীন প্রধান করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফ আল-আদেল আল-কায়েদার মধ্যে মুহাম্মদ ইব্রাহীম মাক্কাবি নামেও পরিচিত।বোনাতমান লিবিয়ার নাগরিক। লিবিয়ায় আল-কায়েদার সহযোগী সংগঠন ইসলামিক ফাইটিং গ্রুপের নেতা ছিলেন তিনি। সম্প্রতি তিনি আল-কায়েদার আদর্শ থেকে সরে এসেছেন। তবে আল-কায়েদার নেতা-কর্মীদের সঙ্গে এখনো তাঁর বেশ যোগাযোগ আছে।বোনাতমান সিএনএনকে বলেন, আদেলকে নেতা নির্বাচন করার বিষয়টি আল-কায়েদার শুরা কাউন্সিলের সিদ্ধান্ত নয়। কারণ, সংগঠনটির শীর্ষপর্যায়ের নেতাদের একসঙ্গে বসে বৈঠক করা এই মুহূর্তে অসম্ভব ব্যাপার। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কোনো এক জায়গায় সংগঠনের ছয় থেকে আটজন নেতা বসে এই সিদ্ধান্ত নিয়েছেন।ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে ধারণা করা হচ্ছিল, তাঁর দীর্ঘদিনের ডেপুটি আইমান আল জাওয়াহিরিকে আল-কায়েদার পরবর্তী নেতা করা হবে। এ প্রসঙ্গে বোনাতমান বলেন, সাইফ আল-আদেল ও আইমান আল জাওয়াহিরি দুজনেই মিসরের নাগরিক। মুসলমানদের পবিত্র অঞ্চল আরব উপদ্বীপের বাইরের কাউকে প্রধান করা হলে সংগঠনের নেতা-কর্মীরা বিষয়টি কীভাবে নেবেন, তা বোঝার চেষ্টা করা হচ্ছে আদেলকে সাময়িকভাবে ওই পদে বসিয়ে।বোনাতমান মনে করেন, আল-কায়েদার সৌদি ও ইয়ামেনি সদস্যরা সম্ভবত আদেলকে ভালোভাবে নেবেন না। কেননা, তাঁরা মনে করেন, ওসামা বিন লাদেনের উত্তরসূরি আরব অঞ্চল থেকেই নির্বাচিত হওয়া উচিত। ওসামা ছিলেন সৌদি নাগরিক।আল-কায়েদার নতুন প্রধান আদেল গত শতকের আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়েছেন। ধারণা করা হয়, নাইন-ইলেভেনের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান শুরু করলে আদেল ইরানে পালিয়ে যান। সেখানে কিছুদিন গৃহবন্দী ছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।আরব দেশগুলোর গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রায় এক বছর আগে ইরান কর্তৃপক্ষ আদেলকে মুক্তি দেয়। এরপর তিনি ইরান থেকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে চলে যান। বিশ্লেষকদের ধারণা, আদেল এখন পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চল ছেড়ে আফগানিস্তান বা ইরানে অবস্থান করছেন।২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন কমান্ডোরা। এএফপি, রয়টার্স ও পিটিআই।