আল-কায়েদার নাম বদলাতে চেয়েছিলেন ওসামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার নাম বদলাতে চেয়েছিলেন মার্কিন বিশেষ অভিযানে নিহত শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের সহকারী জন ব্রেনানের বরাত দিয়ে ডেইলি মেইল অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। টাইমস অব ইন্ডিয়া এ কথা জানায়।মার্কিন সেনাদের অভিযানে বিপর্যস্ত হয়ে পড়ে আল-কায়েদা। ব্যাপক মুসলিম হত্যার ঘটনায় বদনাম কেনে ইসলামি দুনিয়ায়। এতে হতাশ হয়ে ওসামা সংগঠনের নাম বদলের সিদ্ধান্ত নেন বলে দাবি করেন জন ব্রেনান।ব্রেনান বলেন, ‘আল-কায়েদার ভাবমূর্তি এতটাই ক্ষুণ্ন হয় যে ওসামা এর নাম বদলের কথা বিবেচনা করেন।’পাকিস্তানের অ্যাবোটাবাদের যে বাড়িতে লাদেন নিহত হন, সেখান থেকে উদ্ধার করা কাগজপত্র থেকে ওসামার এই হতাশার বিষয়টি জানা যায় বলে দাবি করেন ব্রেনান। তিনি বলেন, উদ্ধার করা কাগজপত্র অনুযায়ী ওসামার মার্কিন-বংশোদ্ভূত জনসংযোগ-বিষয়ক প্রধান আদম গাদান বলেন, আল-কায়েদা এমন এক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে যে এটি মিথ্যাচারের মাধ্যমে অর্থ আদায়ে দ্বিধা করে না, মসজিদ উড়িয়ে দেয় এবং বহু লোকের রক্তপাত ঘটায়। এমনকি ওসামা নিজেই বলেছেন, মুসলিম বিশ্বের একটি বড় অংশের আল-কায়েদার ওপর আস্থা নেই। এ হতাশা থেকে তিনি তাঁর সংগঠনের নাম বদলের কথা ভাবেন। আরবিতে ‘আল-কায়েদা’ মানে ‘ঘাঁটি’। এই ঘাঁটি বলতে আফগানিস্তানের সাবেক দখলদার তত্কালীন সোভিয়েত সেনাদের বিরুদ্ধে লড়তে থাকা যোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্রকে বোঝানো হয়।