আল-নুসরা অঙ্গসংগঠন: আল-কায়েদার স্বীকারোক্তি
ইরাকে আল-কায়েদার প্রকাশ্য ফ্রন্ট ‘ইসলামিক স্টেস্ট অব ইরাক’ আজ মঙ্গলবার স্বীকার করেছে, সিরিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধরত ‘আল-নুসরা ফ্রন্ট’ প্রকৃতপক্ষে তাদের একটি অঙ্গসংগঠন।বার্তা সংস্থা এএফপির বরাতে দ্য ডন জানায়, ‘ইসলামিক স্টেস্ট অব ইরাক’ আজ বিভিন্ন জিহাদি অনলাইন ফোরামে একটি অডিও বার্তা পাঠিয়ে আল-নুসরার বিষয়টি নিশ্চিত করেছে।দীর্ঘদিন থেকে বিশ্লেষক ও সিরিয়ার কর্মকর্তারা সন্দেহ পোষণ করছিলেন, আল-নুসরার সঙ্গে আল-কায়েদার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। যুক্তরাষ্ট্র এ দুটি গ্রুপকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।আল-কায়েদা নেটওয়ার্কের নেতা আবু বকর আল-বাগদাদি বলেন, নতুন সংগঠনটি (আল-নুসরা) ইরাক ও বিলাদ আশশাম অঞ্চলে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং এর সিরিয়া শাখার নেতৃত্ব দেবেন আবু মোহাম্মদ আল-জোলানি। বিলাদ আশশাম বা লেভান্ত অঞ্চল হলো পশ্চিম এশিয়ার বেশ কিছু দেশজুড়ে বিস্তৃত প্রায় অভিন্ন সাংস্কৃতিক এলাকা। এলাকাটির অবস্থান মিসর ও তুরস্কের মাঝামাঝি। এতে আছে সিরিয়া, ইসরায়েল, সাইপ্রাস, জর্ডান, লেবানন, ফিলিস্তিন ও ইরাক। তবে তুরস্ক ও মিসরের কিছু অঞ্চলও এর অন্তর্ভুক্ত। আরেকটি ভিডিও বিবৃতিতে জানানো হয়, আনুষ্ঠানিকভাবে আল-নুসরার প্রতিষ্ঠা ২০১২ সালের জানুয়ারি মাসে। আল-কায়েদার মতো এ গ্রুপটিও আত্মঘাতী হামলা ও গাড়িবোমা হামলা চালাতে দক্ষ। সিরিয়া ও ইরাকে সরকারবিরোধী বিদ্রোহী দলগুলো যেখানে প্রচলিত পদ্ধতিতে যুদ্ধ করে, সেখানে এ দুটি গ্রুপ ভিন্ন উপায়ে সেনা ও জনগণের ওপরে হামলা চালায়।আল-কায়েদার মতো আল-নুসরাতেও ইরাক, ফিলিস্তিন ও অন্য আরব দেশগুলো থেকে আসা বিদেশি সেনারা আছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন মধ্য এশিয়া, পূর্ব আফ্রিকা ও পূর্ব ইউরোপের অনেক জিহাদি। আল বাগদাদি তাঁর বিবৃতিতে বলেন, আল-নুসরাকে অর্থ ও প্রশিক্ষণ দিয়ে তাঁরা সহায়তা করছেন।