আল বাইকে ভিড়ের মধ্যে বাংলাদেশের হাজিদের বাড়তি খাতির
সৌদি আরবে জনপ্রিয় খাবারের দোকান হচ্ছে আল বাইক। এখানে মেলে মূলত মজাদার মুরগি ভাজা। এই মুরগি ভাজা খেতে আল বাইকের দোকানে দেখা যায় বেশ ভিড়। সারিতে দাঁড়িয়ে কিনতে হয় খাবারটি। তবে সময় নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সারি যতই দীর্ঘ হোক, কয়েক মিনিটের মধ্যে খাবার পেয়ে যাবেন। দামও বেশ কম। মাত্র ১১ সৌদি রিয়াল।আল বাইকে আস্ত একটি মুরগি ভেজে চার টুকরো করে পরিবেশন করা হয়। এর সঙ্গে থাকে ফ্রেঞ্চফ্রাই, দুটি পাউরুটি ও রসুনের সুস্বাদু সস। এই সস এখানে তুম নামে পরিচিত। আল বাইকের মুরগি আসে বাইরে থেকে। উপকরণ মালিক নিজে বানিয়ে প্রতিটি শাখায় পৌঁছে দেন। কেউ জানেও না, কী উপকরণ দিয়ে কীভাবে তৈরি হয় এই মজাদার খাবার। আল বাইকের অনেক প্রতিযোগী এসেছিল সৌদি আরবে। কিন্তু কেউ সুবিধা করতে পারেনি।বাংলাদেশের হাজিরা আল বাইকে গেলে একটু বেশি সুবিধা পান। কারণ সেখানকার অধিকাংশ কর্মী বাংলাদেশি। তাই দেশের কোনো হজযাত্রী গেলে পান বাড়তি খাতির। আর এলাকার লোক হলে তো কথাই নেই। সারিতে দাঁড়িয়ে খাবার সংগ্রহ বা টেবিলে নিয়ে খাওয়া—সবকিছুতেই বাংলাদেশি কর্মীরা দেখভাল করেন।আল বাইকে কর্মরত টাঙ্গাইলের কালিহাতীর শাহজাহান জাকের জানান, আল বাইকের ৩১টি শাখা রয়েছে। প্রতিটি শাখায় প্রায় ১০০ কর্মী আছেন। তাঁদের প্রায় সবাই বাংলাদেশি। প্রতিদিন নয় ঘণ্টা কাজ করতে হয়। অতিরিক্ত কাজের জন্য বাড়তি টাকা মেলে। শাহজাহান জানান, সৌদি আরবে আসার পর থেকে পাঁচ বছর ধরে তিনি এখানে কাজ করছেন। এর মধ্যে দেশে যাননি। হজের সময় (মিনার পাঁচ দিন) আল বাইক প্রতিদিন ১৮ ঘণ্টা খোলা রাখা হয়। এবারও এর ব্যতিক্রম হবে না।সৌদি আরবের মানুষ যেমন ব্র্যান্ড ছাড়া পোশাক-প্রসাধন ব্যবহার করে না, খাবারের ক্ষেত্রেও তেমনি। ব্র্যান্ড ছাড়া তারা খায় না। ফলের গায়েও প্রতিষ্ঠানের লোগো থাকে। মজার বিষয় হচ্ছে, ডিমের গায়ে এর মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখা থাকে। প্রতিটি দোকানে সিটি করপোরেশনের লোকজন এসে খোঁজ-খবর নেন। কোনো দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া গেলে জরিমানার পাশাপাশি ওই খাবার ধ্বংস করা হয়।মক্কার মিসফালাহ এলাকায় একাধিক বাংলাদেশি খাবারের হোটেল রয়েছে। ঢাকা হোটেল, হোটেল এশিয়া, জনতা হোটেল, হোটেল শাপলা, আল-বারাকা হোটেল ও শাহজালাল হোটেলে ভাত, মাছ, ভর্তা, সবজি ও মাংস পাওয়া যায়। একবেলা খাওয়ার জন্য জনপ্রতি খরচ হয় ১০ রিয়াল। আবার বিকেলে ডালপুরি, কিমাপুরি, মোগলাই পরোটা, ছোলা, পেঁয়াজু ও মুড়ি পাওয়া যায়।ওয়েবসাইট হালনাগাদ: প্রতিদিন হজযাত্রীদের ছবি, মৃত হাজির তালিকা ও বুলেটিনে তথ্য হালনাগাদ করা হচ্ছে। সব তথ্য পাওয়া যাচ্ছে এই ঠিকানায় www.hajj.gov.bd। জেদ্দা বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে গতকাল শনিবার পর্যন্ত ৭৫ হাজার ১১৭ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।আরও এক হাজির মৃত্যু: সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। তাঁর নাম হোসনে আরা (৬০)। বাড়ি গাজীপুরের টঙ্গী উপজেলায়। স্বাভাবিক কারণে তাঁর মৃত্যু হয়েছে। জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে। তাঁকে নিয়ে এ পর্যন্ত ১৫ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।