আলকাপই আমার প্রথম ভালো লাগা, যা আমি আজও বহু কষ্টের মধ্যেও লালন করে আসছি। এই আলকাপ গান আমি প্রথম শুনি আবদুস সাত্তার সরকারের কাছে। তিনি আমার দাদা। তা প্রায় ষাট বছর আগের কথা। তাঁর দলের গান শোনা ও দেখার পর থেকেই এই গানে হাস্যরসের যে মজা, তা আমাকে ভীষণভাবে টানে। আর সেই টানেই আমার আলকাপ গানে আসা।পূর্বপুরুষ থেকেই আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার পলশা গ্রামের অধিবাসী। বাবা মো. মালেক উস্তুর একসময় নয়াগোলা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। আমাদের অল্প কিছু জায়গাজমি আছে। ওই জমিতে চাষাবাদ আর কোর্টে মোহরার (আইনজীবীর সহকারী) কাজ করে সংসার চলে। সেই সঙ্গে আছে আমার আনন্দ-বিষাদের আলকাপ। খুব অবাক লাগবে যে, দাদার কাছে আলকাপ গান শুনলেও সেখান থেকে কোনো উৎসাহ-উদ্দীপনা পাইনি। বরং উল্টোটাই হয়েছে। দাদা ও বাবা উভয়েই আমাকে আলকাপ গান করতে অনেকবার নিষেধ করেছেন। কিন্তু নিষেধ করলে কী হবে, তখন আমাকে আলকাপের নেশায় পেয়েছে। ঘনঘোর বর্ষার বিদ্যুৎ চমকানো রাতের পিচ্ছিল পথে যেমন পা টিপে টিপে রসের আধার শ্রীমতী রাধিকা পরমপুরুষ প্রেমময় শ্রীকৃষ্ণের জন্য অভিসারে বের হন—সবকিছু উপেক্ষা করে—ঠিক তেমনি আমি অনেক ঝড়ঝাপটার মধ্যেও লোকনাট্য আলকাপ ধরে রেখেছি। কষ্ট না করলে যেমন কেষ্ট পাওয়া যায় না, তেমনি অনেক দুর্যোগ আর অশান্তির মধ্যেও বুকে আছে এই গানের অদম্য পাগলপারা এক নেশা। এই অদম্য নেশার ঘোর কাটাতে বাবা আমাকে দুবার ঘরছাড়া করেন। ‘ঘর বাইনু বাহির, বাহির বাইনু ঘর/পর বাইনু আপন, আপন বাইনু পর’। এ এক অদ্ভুত নেশার উন্মাদনা আর তার হাতছানি। ঘর ছাড়লেও ছাড়িনি প্রথম ভালো লাগাকে। অতঃপর আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরা বাবাকে বুঝিয়ে শান্ত করলে আবার আমি ঘরে ফিরি। কেননা, ঘরই বোধহয় নিশ্চিন্ত আশ্রয়। আমি ঘরে ফিরলে বাবা অন্য রাস্তা খোঁজেন আমাকে ঘরমুখী করতে। তখন আমি সতেরো বছরের এক অস্থির যুবক। দুঃসহ এক বয়স। রক্তে আলকাপের নেশা। এ নেশার ঘোর কাটাতে বাবা আমার শক্ত কঠিন হাতের সঙ্গে এক নরম কোমল হাত মিলিয়ে দিলেন। বিয়ের পর স্ত্রীর প্রেমের ডোরে বাঁধা পড়ে যদি আলকাপের নেশার ঘোর কাটে—এই ছিল আমার পিতৃদেবের ঐকান্তিক ইচ্ছা। কিন্তু মুচকি হেসেছিলেন বিধাতা।তাই আলকাপ থেকে সরে আসা হয়নি আমার আজও। সাতাত্তর থেকে অদ্যাবধি এই লোকনাট্য করে আসছি। আটাত্তরে এসএসসি এবং একাশিতে এইচএসসি পাস করি। তেরাশি সালে ফরম পূরণ করেও বিএ পরীক্ষায় বসা হয়নি। সে সময় আমার চাকরি হয়ে যায় বিআরডিবিতে; ১০ বছর আমি সেখানে চাকরি করি। আলকাপ গান করার জন্য কর্তৃপক্ষ আমাকে ছুটি দিতে আপত্তি করায় সেখান থেকে শেষ পর্যন্ত বিদায় নিয়ে চলে আসি।আমার আলকাপ গানের প্রকৃত গুরু বাদল পাল। তাঁর কাছেই আলকাপ গানের তাল, মান, লয়ের সঙ্গে সঙ্গে সবকিছুর শিক্ষা পেয়েছি। ১০ বছর আমি এই গুরুর কাছে শিখেছি। দাদা আলকাপ গান করলেও আমার গান করা পছন্দ করতেন না বলে তাঁর কাছে আমার শেখা হয়নি। শ্রদ্ধেয় বাদল দা খুব মন দিয়ে শেখাতেন। তিনি আজ আর নেই। অপাপবিদ্ধ লোকে তাঁর বাস হোক এই প্রার্থনা করি। এই লোকনাট্য করা নিয়ে সংসারে অশান্তি আছে। স্ত্রী, ছেলেমেয়ে—তারা কেউ চায় না আমি আলকাপ করি। কিন্তু আমি সবকিছু উপেক্ষা করেই এই গান গেয়ে চলেছি। এই গান করে আর্থিক সচ্ছলতা পাইনি। জীবন-জীবিকার জন্য তাই কোর্টে মোহরার কাজ করি, আর বাকি সময়ে জমি চাষাবাদ করি। তাতে করে বউ, ছেলেমেয়ে নিয়ে চলে যায় সংসারের খরচ। এই গান করি মনের আনন্দে। দলে ১৫ জন লোক। এক আসর গান করে যে টাকা পাই, তাতে কোনোমতে যাতায়াত খরচ চলে। চাল-ডাল আর কেনা হয় না। জামা-কাপড় তো দূরের কথা। এক যুগ আগেও পূজা-পার্বণ উপলক্ষে আলকাপ করার জন্য ডাক পেতাম। রাতে পূজা, আরতি—এসব শেষ হয়ে গেলে প্রথমে যাত্রাপালা এবং পরে বসত আলকাপের জমজমাট আসর। চারদিকে লোকে লোকারণ্য। দর্শক-শ্রোতা প্রাণভরে সেই সব আসরে উপস্থিত হতো। উপচে পড়া ভিড় চারদিকে। মধ্যখানে খোলা আসর। ওপরে টানানো থাকত চাঁদোয়া বা শামিয়ানা। জ্বলে উঠত হ্যাজাক কিংবা ডে-লাইট। এসব কিছু মিলিয়ে এক অদ্ভুুত মজা আর আনন্দের সঙ্গে গানের আসরে গান করা। দুই দলে বসত আলকাপের আসর। কবিগানের লড়াইয়ের মতো জমে উঠত প্রাণবন্ত আসর। তখন তো চিত্তবিনোদনের জন্য ছিল না এত দূরদর্শন আর স্যাটেলাইটের সর্বগ্রাসী আগ্রাসন। এসবের দৌরাত্ম্যে তো গ্রামীণ ঐতিহ্য আর লোকসংস্কৃতি এখন মৃতপ্রায়। ধুকধুক করে কোনোমতে টিকে আছে। কবিগান, জারিগান, সারিগান, ভাটিয়ালি, যাত্রা, আলকাপ, কেচ্ছাকাহিনি, গম্ভীরা—সবই ধুঁকছে। কেউ বেশি, কেউ কম। আগে বিভিন্ন পূজা—দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, রায়রাজা, বাসন্তী পূজা উপলক্ষে আমরা আমন্ত্রণ পেতাম আলকাপ করার জন্য। আমরাও মুখিয়ে থাকতাম এসব আসরে যাওয়ার জন্য। দলের ১৫ জনকে খবর দিতে হতো। সবাই এসে আমার বাড়িতে হাজির হলে একসঙ্গে আমরা রওনা দিতাম নির্দিষ্ট পূজামণ্ডপে গান করার জন্য। এখন আর আগের মতো পূজা-পার্বণে ডাক পড়ে না। কেমন যেন সব ঝিমিয়ে যাচ্ছে। যুগযন্ত্রণায় কাতর সবাই। উত্তরবঙ্গের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নঁওগা জেলার মধ্যেই এই আলকাপ ঘুরপাক খায়। ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় আলকাপ হয় বলে জানি। পূজা-পার্বণ ছাড়াও বিভিন্ন মেলা উপলক্ষে আলকাপের আসর বসে। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর মেলা, কানসাট মেলা, সরজন মেলা, কালুপুর মেলা—এসব জায়গায় আলকাপ করেছি। এসব মেলার আয়োজন কিছুটা ভিন্ন। মেলা কর্তৃপক্ষ প্যান্ডেল করে টিকিট-প্রথার মাধ্যমে গানের আয়োজন করে থাকে, যেখানে আমাদের প্রতি আসরে এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। পূজা-পার্বণ আর মেলার বাইরে কোনো কোনো সময় ডাক পড়ে আলকাপ করার জন্য। আমি একে বলি ফরমায়েশি আলকাপ। সমাজের হয়তো নামীদামি কেউ ডেকে আলকাপ করতে বলেন। সময় দেন মাত্র আধঘণ্টা। এর মধ্যেই আসর শেষ করতে হবে। এভাবে আলকাপের আসর জমে না। তাও আবার এক দলের আসর। দুই দল থাকলে তবেই জমে আসর। ‘আল’ অর্থ হচ্ছে খোঁচা বা টিপ্পনী আর ‘কাপ’ আরবি শব্দ, যার অর্থ হচ্ছে মশকরা বা কৌতুক। কৌতুকের রসে সমাজের অন্যায়-অসংগতি আলকাপ লোকনাট্যের মাধ্যমে শ্রোতা-দর্শকের সামনে আমরা তুলে ধরতে চেষ্টা করি। এটি এক ধরনের লোকনাট্য। গ্রাম্য গাথা, সাধারণ সামাজিক বা রাজনৈতিক বিষয় নিয়ে এর পালা বা কাহিনি রচিত হয়। একটি দলের গঠন হয় সরকার (গানের রচয়িতা), ক্যাইপ্যা (নায়ক), ছোকরা (পুরুষ-মেয়ে সাজিয়ে ছোকরা করা হয়), দোহারি, ডুগি-তবলাবাদক, হারমোনিয়ামবাদক ও জুড়িবাদক—এসব নিয়ে। কোনো কোনো দলে আবার বংশীবাদকও থাকেন। প্রথমে গানের আসর শুরু করা হয় দেব-দেবীর জয়সূচক বন্দনা করে, তারপর করা হয় আসরবন্দনা। আসরবন্দনার পর সরকার দেবতা ও শ্রোতার উদ্দেশে প্রণতি জানিয়ে বন্দনা করেন। এর পরে ছোকরার খেমটা নাচ। নাচের পরে আলকাপের মূল কাহিনি বা ঘটনা বিভিন্ন চরিত্রের মাধ্যমে শ্রোতা-দর্শকের সামনে লোকনাট্যের ঢঙে অভিনয় করে পরিবেশন করা হয়। পুরুষেরা ধুতি ও শার্ট পরে এবং সঙ্গে একটা গামছা নিয়ে অভিনয় করে। আর মেয়েরা (পুরুষকে মেয়ে সাজানো হয়) শাড়ি পরে অভিনয়ের সঙ্গে সঙ্গে নৃত্য পরিবেশন করে দর্শকদের মনোরঞ্জন করে থাকে। আসরবন্দনার নমুনা এ রকম: ‘এসো মা হূদে বিন্দুবাসিনী/ওমা তুমি সাকার, আমার অহংকার/মধুর ঝংকার মৃদু সুহাসিনী/মম হূদি মন্দিরে আমি দেখা দাও/অরূপ ছাড়িয়ে স্বরূপে দাঁড়াও/যুগল রূপে দীপালি জ্বালাও মা/প্রাণভরে ঈশান-ঈশানী/নাই কোনো শক্তি, নাই কোনো মোর ভাষা/তবুও গুণ গাহিবার আশা/প্রাণের পিপাসা মা মিটাও সেই আশা/মুখে দাও মা ভাষা মধুর ভাষিণী।’ এরপর আলকাপ গানের সরকার বন্দনার মাধ্যমে সামাজিক কিংবা রাজনৈতিক সমস্যার কথা তুলে ধরেন।নাচোলের সাঁওতাল বিদ্রোহের ঘটনা আজ আর কারও অজানা নেই। এই নিয়ে লেখকেরা অনেক বইও লিখেছেন। তেমনি একটা বন্দনা: ‘ইলা মিত্র করে আইন জারি/লেকচার দিল কত গো বন্ধুগণ/তার ফলে সাঁওতাল সব গেল জেলে/কোথায় গেল হাবু বাবু নাই অন্বেষণ/ওই ভারতের ঘরে ঘরে বিবাদ বাধিল/লীগ-কংগ্রেস আর মহাসভার দল গঠন হলো।/তার পরে কমিউনিস্ট হলো/ভারতটাকে ঘিরে নিল/ইলা মিত্র নামে নারী/লেকচার দিচ্ছে ভারী ভারী/বলব কি আর বলব ভাই তার কথা/বলতে প্রাণে কষ্ট হয় হয় গো ব্যথা/বলব কি আর/সে তো বাবুর পরিবার/দেখ নাচোল থানার ভিতরে/কত রকম অন্যায় করে/দারগা পুলিশ জমাদার/মেরে করিল ছারখার/রাখিল জেলের ভিতরে/গভর্নর জানতে পেরে/পুলিশ পাঠায় ঘরে ঘরে/সাঁওতাল-ধরিবার তরে গো/কিছু কিছু ধরা পড়ল/বাকিরা সব লুকাইল/লুকায়ে ভাবে মনে মনে/পাকিস্তান আর রবে না।’ আলকাপে হাস্য-কৌতুকের মাধ্যমে বিষয়বস্তুকে সরস করে সহজ ভাষায় দর্শকের সামনে তুলে ধরা হয়। তবে এখন যুগের দাবির কারণে আলকাপে কিছু পরিবর্তন দরকার। বিশেষত, মেয়েদের অভিনয়ের ক্ষেত্রে। এখন আমরা আলকাপ করতে গিয়ে ঠিক বুঝতে পারি যে দর্শক আর ছোকরা বা মেয়েদের ভূমিকায় পুরুষদের দেখতে চায় না। ভবিষ্যতে এই গান টিকিয়ে রাখতে হলে মহিলা ছোকরা, নৃত্যশিল্পী ও অভিনেত্রীর প্রয়োজন। প্রসঙ্গত বলি, ২০০৯ সালে এক মেয়েকে দিয়ে ছোকরার ভূমিকায় অভিনয় করিয়েছিলাম, যেটা বিটিভি ওয়ার্ল্ড মোট ২৯ বার প্রচার করেছে। এটা আমার আলকাপ-জীবনের একটা বড় পাওয়া। এই গান টিকিয়ে রাখতে হলে সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতার পাশাপাশি শিক্ষিত, সংস্কৃতিবান ও শুভবোধসম্পন্ন মানুষের এগিয়ে আসা জরুরি। যাঁরা দেশের সংস্কৃতির শেকড় ও ঐতিহ্যকে ভালোবাসে, ওই সব মরমি লোককে আমরা আমাদের পাশে পেতে চাই। চাই তাঁদের আন্তরিক সহযোগিতা। জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোয় আমরা আলকাপ করতে চাই। এই গানের প্রচার ও প্রসারের জন্য এটাও জরুরি। এ জন্য সরকারের সুদৃষ্টি কামনা করি। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, আমার জানামতে, যে কয়জনের দল আছে, তাঁরা হচ্ছেন ১. কেরামত সরকার, ২. জয়চাঁদ সরকার, ৩. জাহাঙ্গীর সরকার, ৪. শফিকুল সরকার, ৫. বীরেন সরকার, ৬. কেতাবুর সরকার, ৭. লুত্ফর সরকার ও ৮. ভিখু সরকার। সাধারণত অগ্রহায়ণ থেকে চৈত্র মাস পর্যন্ত আলকাপের গানের আসর বসে। বেশির ভাগ আসরই রাতে শুরু হয়। শেষ হতে হতে কখনো সকাল কিংবা দুপুরও পার হয়ে যায়। দুই দল থাকলে এমনটি প্রায়ই হয়। কবিগানের মতো লড়াই জমে ওঠে। খুব মজার কথা যে, এই গান করতে গিয়ে হর্ষ-বিষাদের অভিজ্ঞতাও স্বাভাবিকভাবেই জমা হয়েছে। বিটিভিতে প্রচার কিংবা অজস্র মানুষের ভালোবাসা যেমন পেয়েছি; তেমনি পেয়েছি বিষাদও। নওগাঁ জেলার মহাদেবপুর থানার পণ্ডিতপুর গ্রামে একবার আলকাপ করতে গিয়েছিলাম। দুই রাত আলকাপ করেছি। কিন্তু বিদায়ের সময় অদ্ভুতভাবে কর্তৃপক্ষ কোনো টাকা-পয়সা না দিয়ে চুপ মেরে গেল। অতঃপর টাকা-পয়সা ছাড়াই আমরা হতাশ হয়ে বাড়ি ফিরে এলাম। এই আলকাপ গানের শুরু কবে হয়েছিল এ নিয়ে মতভেদ আছে। তবে অবিভক্ত ভারতবর্ষের মালদহের সুবল কানীর একটি গানে আলকাপ গানের প্রথম রচয়িতা হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মোনাকষা গ্রামের বোনাকানার নাম পাওয়া যায়। এখানে আছে—‘প্রথম মোনাকষার বোনাকানা/আলকাপ গান করেন রচনা/তার পরেতে সুবেদার আলী ভাই/বাড়ি তাহার মালদহতে হয়/তার পরেতে ঝাঁকসু সরকার নামটি শুনি/তার জঙ্গীপুরে বাড়ি জানি/আলকাপে যে বিখ্যাত রে ভাই/জাগিরুদ্দিন শাহর নাম/তার নূরপুরেতে হয়তো ধাম।’ এই আলকাপ গান উত্তরবঙ্গ ছাড়াও বাঙালি হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের লোকসংস্কৃতিপ্রেমী মানুষের সহযোগিতায় পরিপুষ্ট হয়েছে। উভয় সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখতে এই গান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুদিন থেকেই। এর ব্যাপক চর্চা, প্রসার ও প্রচারে সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি সুস্থ-সচেতন ও শুভবোধসম্পন্ন সংস্কৃতিবান মানুষ এগিয়ে আসবেন—এই আমার আন্তরিক প্রত্যাশা। অনুলিখন: কনকরঞ্জন দাস