আলজেরিয়ায় জিম্মি উদ্ধারে সেনাবাহিনীর চূড়ান্ত অভিযান
আলজেরিয়ার পূর্বাঞ্চলীয় গ্যাসক্ষেত্রে আটক জিম্মিদের উদ্ধারে দেশটির সেনাবাহিনী চূড়ান্ত পর্যায়ের অভিযান শুরু করেছে। এতে ১১ জন জিম্মিকারী নিহত হয়েছে। বিবিসি অনলাইনের এক খবরে আজ শনিবার এ কথা জানানো হয়।দেশটির সরকার-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এপিএস জানায়, এ উদ্ধার কার্যক্রম চালানোর সময় জিম্মিকারীরা সাত জিম্মিকে হত্যা করে। তবে নিহত জিম্মিরা কোন দেশের, তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে এপিএস জানিয়েছিল, উদ্ধার কার্যক্রম শুরুর পর ১২ জন আলজেরীয় ও বিদেশি নিহত হয়েছেন।বিবিসি আরও জানায়, জঙ্গিদের হাত থেকে ৫৭৩ জন আলজেরীয় ও শতাধিক বিদেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত আরও ৩০ জন বিদেশি জিম্মির ভাগ্য সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। এর মধ্যে ১০ জন যুক্তরাজ্যের নাগরিক।ফ্রান্সের মালি অভিযানের প্রতিবাদে গত বুধবার আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিরা ওই গ্যাসক্ষেত্র দখল করে নেয়। একই সঙ্গে জঙ্গিরা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জাপানসহ বিভিন্ন দেশের কয়েক শ শ্রমিককে সেখানে জিম্মি করে।