আলজেরিয়ায় জিম্মির ঘটনায় উদ্বেগে বিদেশিরা
আলজেরিয়ার পূর্বাঞ্চলীয় গ্যাসক্ষেত্রে ইসলামি জঙ্গিদের হাতে বিদেশি নাগরিকদের জিম্মি হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট দেশগুলো। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।ফ্রান্সের মালি অভিযানের প্রতিবাদে গত বুধবার আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিরা ওই গ্যাসক্ষেত্র দখল করে নেয়। একই সঙ্গে জঙ্গিরা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জাপানসহ বিভিন্ন দেশের কয়েক শ শ্রমিককে সেখানে জিম্মি করে। দেশটির সরকার-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এপিএস জানিয়েছে, জঙ্গিদের হাত থেকে ৫৭৩ জন আলজেরীয় ও শতাধিক বিদেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত আরও ৩০ জন বিদেশি জিম্মির ভাগ্য সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আলজেরিয়ার গ্যাসক্ষেত্রে বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই পরিস্থিতিকে কঠিন ও ভয়ংকর বলে অভিহিত করেন।এ ছাড়া এই ঘটনায় ব্রিটেন ও জাপান উদ্বেগ জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও তীব্র নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার কথা বলেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার শুরু হওয়া সেনা অভিযানে ৩০ জন জিম্মি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে কমপক্ষে সাতজন বিদেশি রয়েছেন। এ ছাড়া ১৮ জন ইসলামপন্থী জঙ্গিও নিহত হয়েছে।