আলজেরিয়ায় সেনা অভিযানে ৩৫ জিম্মিসহ নিহত ৫০
আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে অপহরণকারীর হাতে আটক জিম্মিদের উদ্ধারে সেনাবাহিনীর অভিযানে আজ বৃহস্পতিবার ৩৫ জন জিম্মি ও ১৫ জন অপহরণকারী নিহত হয়েছে। অপহরণকারীদের একজনের বরাত দিয়ে আল জাজিরা হতাহতের খবর নিশ্চিত করেছে। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে একদল অপহরণকারী গতকাল বুধবার দেশটির ইন আমিনাস গ্যাসক্ষেত্রে কর্মরত বেশ কয়েকজন বিদেশি কর্মকর্তা ও আলজেরীয়কে আটক করে। অপহরণকারীরা জানায়, সরকার ফ্রান্সকে আলজেরিয়ার আকাশপথ ব্যবহার করে মালির ইসলামপন্থী জঙ্গিদের ওপর বিমান হামলা চলানোর অনুমতি দিয়েছে। এর প্রতিবাদে তারা ওই অপহরণের ঘটনা ঘটিয়েছে।মাস্কড ব্রিগেড নামের অপহরণকারীদের ওই দলের মুখপাত্র এক মৌরিতানীয় সংবাদ সংস্থাকে জানান, অপহরণকারী ও জিম্মিদের বহনকারী গাড়িবহরে আলজেরীয় সরকারের হেলিকপ্টার হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, হামলায় তাঁদের প্রধান আবু আল-বারাও নিহত হয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আলজেরিয়ার সেনাবাহিনী জিম্মিদের বহনকারী গাড়িতে প্রকাশ্যে গুলি চালানোয় অনেক মানুষ নিহত হয়। আলজেরিয়ার সরকার এখনো সেনা অভিযান নিয়ে কোনো বক্তব্য দেয়নি।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গ্যাসক্ষেত্রের কর্মকর্তারা যখন বাসে করে বিমানবন্দরে যাচ্ছিলেন, তখন অতর্কিতে হামলা করে তাঁদের জিম্মি করে অপহরণকারীরা। সরকার আরও জানায়, অপহরণকারীরা বিপুল অস্ত্রে সজ্জিত তিনটি গাড়ি নিয়ে ওই হামলা চালিয়েছিল। জিম্মিদের মধ্যে নরওয়ে, যুক্তরাষ্ট্র, জাপান ও ফ্রান্সের নাগরিক রয়েছেন।গতকাল বুধবার যুক্তরাজ্য ও আলজেরিয়ার দুই জিম্মি অপহরণকারীদের হাতে নিহত হন। পরে অপহরণকারীরা ইন আমিনাসের কার্যালয় দখল করে নেয়।