আলজেরিয়ায় নির্যাতনের কথা স্বীকার করল ফ্রান্স
১৩২ বছর আলজেরিয়াকে উপনিবেশ বানিয়ে ‘অন্যায্য’ ও ‘বর্বরোচিত’ কাজ করেছে ফ্রান্স। আলজেরিয়ায় রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এক বক্তৃতায় এ কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, ওলাঁদ সাত বছরব্যাপী স্বাধীনতাযুদ্ধে আলজেরিয়ার জনগণের ওপর চালানো ‘হত্যাযজ্ঞের’ কথা স্বীকার করেন। তবে ওই নির্মমতার জন্য ফ্রান্সের পক্ষ থেকে ক্ষমা চাননি তিনি। ১৯৬২ সালে অর্জিত আলজেরিয়ার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সে দেশে যান ওলাঁদ। আজ তিনি আলজেরিয়ার স্বাধীনতাযুদ্ধের সময়কার জাতীয়তাবাদী নেতা মেসালি হাজের জন্মভূমি লেমসেনে যান।সফরের শুরুতে ওলাঁদ বলেছিলেন, তিনি ও আলজেরীয় প্রেসিডেন্ট আবদেল আজিজ বৌতেফ্লিকা কৌশলগত অংশীদারির ক্ষেত্রে ‘নতুন যুগ’ সৃষ্টি করেছেন। আজ আলজেরিয়ার পার্লামেন্টে তিনি বলেন, ‘দুই দেশের (আলজেরিয়া ও ফ্রান্স) ইতিহাস বিয়োগান্ত ও বেদনাদায়ক হলেও তা বলা উচিত।’ আলজেরিয়ায় গণহত্যা চালানো হয়েছে এমন তিনটি স্থানের নামও তালিকাভুক্ত করেন ওলাঁদ। এর মধ্যে অন্যতম একটি স্থান সেটিফ। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে ৩০০ কিলোমিটার দূরে ওই স্থানে ১৯৪৫ সালে ফ্রান্সের বাহিনীর সঙ্গে আলজেরিয়ার জনগণের সংঘর্ষ বাধে। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আলজেরিয়ার জনগণের এক উদযাপনে ফ্রান্সের পুলিশ বাধা দেয়। পরে বিক্ষুব্ধ আলজেরীয়রা ফ্রান্সের কয়েকজন নাগরিককে হত্যা করে। এর জবাবে পরবর্তী কয়েক সপ্তাহে ফ্রান্স যুদ্ধজাহাজ থেকে আলজেরীয়দের ওপর ব্যাপক গোলাবর্ষণ করে। এ গোলাবর্ষণে ৪৫ হাজার মানুষ নিহত হয় বলে দাবি করা হয়। তবে ফ্রান্সের পক্ষ থেকে দাবি করা হয়, ওই সময় ১৫ থেকে ২০ হাজার মানুষ মারা যায়।