আলজেরিয়ায় প্রেসিডেন্টের রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি
আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলাজিজ বুতেফ্লিকা গতকাল শুক্রবার দেশটিতে বড় ধরনের রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।প্রেসিডেন্ট বুতেফ্লিকা বলেছেন, তিনি দেশে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবেন, সংবিধান সংশোধন করবেন এবং সাংবাদিকদের কারাদণ্ড দেওয়ার প্রবণতায় ইতি টানবেন। আরব বিশ্বের বিভিন্ন দেশে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার এ সময়ে আলজেরিয়াতেও স্থানীয় পর্যায়ে বিক্ষোভ হচ্ছে। সরকারবিরোধী বিক্ষোভ যাতে জাতীয় পর্যায়ে ছড়িয়ে না পড়ে, তাই তিনি আগেভাগে এমন একটা ঘোষণা দিলেন। বুতেফ্লিকা গত তিন মাস জনসম্মুখে কোনো কথা বলেননি। গতকাল তিনি জাতির উদ্দেশে বলেন, সংবিধান সংশোধন ও আলজেরিয়ায় গণতন্ত্র নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। ৩০ মিনিটের ভাষণে তিনি জানান, আলজেরিয়ার নির্বাচনী আইন পরিবর্তন এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রাখার প্রতিশ্রুতিও তিনি দেন। বুতেফ্লিকা দেশে বিদ্যমান তথ্য আইন পরিবর্তন করে নতুন আইন করারও প্রতিশ্রুতি দেন। দেশটিতে বিদ্যমান তথ্য আইনে প্রেসিডেন্টের সমালোচনা করলে সাংবাদিকদের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।তবে কবে নাগাদ এ সংস্কার কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে প্রেসিডেন্ট বুতেফ্লিকা কোনো সময় দেননি।দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০১৪ সালে। গত কয়েক সপ্তাহ ধরে আলজেরিয়ার বিভিন্ন অঞ্চলে ছোট-বড় সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে। বিশেষ করে দেশটির রাজধানীতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। এ ধরনের বিক্ষোভ প্রেসিডেন্ট বুতেফ্লিকার শাসনের জন্য হুমকি হয়ে উঠছে।