আলজেরিয়ায় ১৯ বছরের জরুরি অবস্থার অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলজেরিয়ায় টানা ১৯ বছরের জরুরি অবস্থার অবসান হয়েছে। বিক্ষোভকারীদের দাবির মুখে দেশটির প্রেসিডেন্ট আবদেলাজিজ বুতেফ্লিকা গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে জরুরি অবস্থা তুলে নেন। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, জরুরি অবস্থা প্রত্যাহারের ফলে আলজেরিয়ায় সেনাবাহিনীর ক্ষমতা অনেকটা সীমাবদ্ধ হয়ে পড়বে। সেনাবাহিনী এখন শুধু দেশীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে ক্ষমতা প্রয়োগ করতে পারবে। আলজেরিয়ার সরকারবিরোধীদের অন্যতম প্রধান দাবি ছিল অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া। সম্প্রতি বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট বুতেফ্লিকা ও পররাষ্ট্রমন্ত্রী মুরাদ মেদেলসি জরুরি অবস্থা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন। এর কয়েক দিন পরই গতকাল জরুরি অবস্থা তুলে নেওয়া হলো। ১৯৯২ সালে আলজেরিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়। তখন থেকে দেশে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ রয়েছে। তিউনিসিয়া ও মিসরের ঘটনায় অনুপ্রাণিত হয়ে সম্প্রতি আলজেরিয়ায় কয়েক দফা সরকারবিরোধী বিক্ষোভ সংঘটিত হয়।