আলতাফ, হাফিজ উদ্দিনসহ রাজধানীতে আটক ৩৪
বিএনপি ও জামায়াতের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি আজ রোববার সকাল ছয়টা থেকে শুরু হয়েছে। কাল সোমবার সন্ধ্যা ছয়টায় এ কর্মসূচি শেষ হবে। আজ রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহম্মদসহ বিএনপি ও জামায়াতের ৩৪ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।মহাখালী: রাজধানীর মহাখালীতে সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিএনপির অন্তত ১৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এঁদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহম্মদও আছেন। সকাল পৌনে ১০টার দিকে মহাখালী থেকে আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহম্মদকে আটক করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মহাখালীতে তিতুমীর কলেজের পাশে মালঞ্চ রেস্তোরাঁর সামনে থেকে পুলিশ শিপু, জসীমউদ্দিন, মোশাররফ নামের বিএনপির তিন কর্মীকে আটক করে। সাড়ে ১০টার দিকে একই জায়গা থেকে সাদিয়া হক, রুনু, মাধু নামের তিন নারী কর্মীকে পুলিশ আটক করে। আমতলী এলাকায় সকালে স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা মিছিল বের করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এতে সাতজন নেতা-কর্মী আহত হলে পুলিশ তাঁদেরও আটক করে। তবে পুলিশের গুলশান অঞ্চলের ডিসি খন্দকার লুত্ফুল কবির দাবি করেন, এ পর্যন্ত নয়জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের আগে আলতাফ হোসেন চৌধুরী বলেছিলেন, এ হরতাল গণতন্ত্রের হরতাল, জনগণের হরতাল। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল মানবে না।সকাল নয়টার দিকে তিতুমীর কলেজের সামনে ছাত্রলীগের পক্ষ থেকে হরতালের বিপক্ষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ থেকে মহাখালী গিয়ে শেষ হয়। নয়াপল্টন: ভোর থেকে বিএনপির নয়াপল্টন কার্যালয় অবরুদ্ধ করে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পুলিশ দলের নেতা-কর্মীদের দাঁড়াতেই দিচ্ছে না। পুলিশ দলের নেতা-কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে। দলের কার্যালয়ের নিচে থেকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুস সামাদ আজাদসহ আটজনকে আটক করা হয়। তিনি দাবি করেন, সারা দেশে পুলিশের মারমুখী অবস্থানের পরও ভালোভাবেই হরতাল পালিত হচ্ছে।সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি প্রমুখ। তবে পুলিশ তাঁদের মিছিল করতে দেয়নি। সকাল সোয়া আটটার দিকে ফকিরাপুল মোড় তিনটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।পৌনে নয়টার দিকে ম্যাজিস্ট্রেট আল আমিনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আসে। মিরপুর: মিরপুর ১৩ নম্বরে আজ ভোরে দুটি বাসে আগুন দেওয়া হয়। ভোর পৌনে পাঁচটার দিকে হারম্যান মেইনার স্কুলের সামনে রাখা কৃষি ব্যাংকের কর্মীদের বহনকাজে ব্যবহূত বাসে আগুন দেওয়া হয়। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে কমিউনিটি সেন্টারের সামনে মাই লাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১ নম্বরে চায়নিজের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী মুক্তিযোদ্ধা হক কমপ্লেক্সের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় আওয়ামী লীগের কর্মীরা দুজনকে ধরে মারধর করে পুলিশে দেন। পরে বিএনপির নেতারা পুলিশের কাছ থেকে তাঁদের ছাড়িয়ে নেন।এদিকে মিরপুর থানা এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে মহড়া ও মিছিল করেন। পল্লবী থানার পুলিশ জানায়, জামায়াতে ইসলামীর মিরপুর থানা কিমিটির সহসম্পাদক জামালউদ্দিনসহ ১০ জনকে আটক করা হয়েছে। মিরপুর-১২ নম্বরে বিআরটিসির বাস ডিপো এলাকা থেকে তাঁদের আটক করা হয়।হাতিরপুল: হাতিরপুলে শপিং মল ইস্টার্ন প্লাজার সামনে থেকে আজ দুপুর দেড়টার দিকে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের একটি মিছিল বের হয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশ মিছিল থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানীকে আটক করে।প্রসঙ্গত, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ গত শুক্রবার একটি বিক্ষোভ সমাবেশ থেকে পৃথকভাবে আজ রোববারের হরতাল কর্মসূচির ঘোষণা দেয়। আগামীকাল সোমবার তারা হরতাল পালন করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়: দুপুর পৌনে একটার দিকে চারুকলার সামনে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল চলাকালে উল্টো পাশে সোহরাওয়ার্দী উদ্যানের কাছে ককটেল বিস্ফোরিত হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। রাজধানীর সার্বিক অবস্থা: আজ সকাল থেকে রাজধানীতে কিছু বাস মিনিবাস ও সিএনজি অটোরিকশা চলতে দেখা যাচ্ছে, তবে এর সংখ্যা খুবই কম। হরতালের কারণে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোর থেকে রাজধানীর রাস্তায় পুলিশ ও র্যাবের টহল চলছে। প্রসঙ্গত, বিএনপি ও জামায়াত গত শুক্রবার পৃথকভাবে এ হরতাল কর্মসূচি ঘোষণা করে। একতরফাভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের চেষ্টা, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস মুছে ফেলা, মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্কের ধারা বিলুপ্তির অপচেষ্টা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, গ্যাস-বিদ্যুত্-পানির তীব্র সংকট, শেয়ারবাজার ধ্বংস ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ লুণ্ঠনের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের অপর দুই শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোট হরতালে সমর্থন দিয়েছে।