আলতাফ ও হাফিজের এক মামলায় জামিন, অন্যটিতে কারাগারে
৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন গ্রেপ্তার হওয়া বিএনপির দুই সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহম্মদ একটি মামলায় জামিন পেয়েছেন। তবে বাস ভাঙচুর, পোড়ানো ও যাত্রীদের টাকা-মালামাল চুরির অভিযোগে করা অন্য একটি মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।আজ সোমবার গুলশান থানার পুলিশ পৃথক দুটি মামলায় আলতাফ হোসেন ও হাফিজ উদ্দিনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে। পুলিশ ১০ দিন করে দুটি মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন জানায়।এর মধ্যে একটি মামলার রিমান্ড আবেদনে বলা হয়, আসামি আলতাফ হোসেন ও হাফিজ উদ্দিনের নেতৃত্বে ৫ জুন হরতালের আগের রাতে গুলশান এলাকায় গাড়ি ভাঙচুর ও পোড়ানো হয়। আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে যাত্রীদের টাকা-পয়সা ও মালামাল চুরি করা হয়। ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।আসামিপক্ষে জামিনের আবেদন করে আইনজীবীরা আদালতকে জানান, আসামিরা দুজনই সাবেক মন্ত্রী। হরতাল কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে তাঁদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আসামিদের রিমান্ডে নেওয়ার কোনো উপাদান নেই।শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া রিমান্ড আবেদন নাকচ করে জামিন মঞ্জুর করেন।একই দিন একই রকম অভিযোগে করা আরেকটি মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে গুলশান থানার পুলিশ। মামলার বাদী ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক বোরহান উদ্দিন। এই মামলার রিমান্ডের শুনানি করতে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আদালত ১৫ জুন এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।এদিকে পল্টন থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া বিএনপির মহানগর নেতা আবদুস সালামসহ ১২ নেতা-কর্মীকে জামিনে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। হরতালের ঘটনায় দায়ের করা একটি পুরোনো মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতে হাজির করে পুলিশ।