আলতাফের জন্য বিউটির প্রতীক্ষা শেষ হলো
দেড় মাস বয়সী কন্যাসন্তান বুকে চেপে নয় দিন ধরে স্বামীর প্রতীক্ষায় ছিলেন বিউটি খাতুন। গত কয়েকটা দিন নাওয়া-খাওয়া ভুলে শুধু চোখের জলে বুক ভাসিয়েছেন তিনি। অবশেষে গতকাল রোববার পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের অসহায় গৃহবধূর প্রতীক্ষার অবসান হলো। ফিরে পেলেন স্বামী কাজী আলতাফ হোসেনকে। ১০ মাস আগে শেষবারের মতো আফগানিস্তানে যাওয়া প্রিয় মানুষটি বাড়ি ফিরেছেন লাশ হয়ে। বিউটির আহাজারিতে চোখের জল ধরে রাখতে পারেনি পাড়া-পড়শিরা। তখন মাতম শুরু করেন বিউটি আর আলতাফের স্বজনেরা।আলতাফ হোসেনের লাশ গতকাল রাতে বেড়া উপজেলার খানপুরায় তাঁর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর অবতারণা হয় এক হূদয়বিদারক দৃশ্যের। ১৭ ডিসেম্বর মাজার-ই-শরিফে আফগান দুষ্কৃতকারীদের হাতে প্রাণ হারান যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সেমহোয়ান নামের দক্ষিণ কোরিয়ার অবকাঠামো নির্মাণপ্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী কাজী আলতাফ হোসেন।জানা যায়, বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের খানপুরা গ্রামের মৃত জাবেদ কাজীর অষ্টম সন্তান আলতাফ হোসেন ছয় বছর আগে আফগানিস্তানে গিয়ে সেমহোয়ানে প্ল্যান্ট অপারেটর হিসেবে কাজ নেন। বছর দুয়েক আগে তিনি দেশে ফিরে একই ইউনিয়নের বড় নওগাঁ গ্রমের মনছের আলী শেখের ছোট মেয়ে বিউটি খাতুনকে (২১) বিয়ে করেন। মাস দেড়েক আগে তিনি কন্যাসন্তানের বাবা হন। আলতাফের সঙ্গে সেমহোয়ানে তাঁর বড় ভাই আয়ুব কাজীও কাজ করতেন।আলতাফের নিহত হওয়ার খবর শোনার পর থেকে স্বজনেরা তাঁর লাশের প্রতীক্ষায় ছিলেন। অবশেষে গতকাল দুপুরে তাঁর লাশ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। লাশের সঙ্গে একই কোম্পানিতে কর্মরত তাঁর ভাই আয়ুব কাজীও দেশে ফিরেছেন। রাত নয়টার দিকে তাঁর লাশ বাড়িতে এসে পৌঁছায়। রাত ১০টার দিকে মৃধাপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।এদিকে আলতাফের লাশ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোকের স্তব্ধতা নেমে আসে গোটা এলাকায়।রূপপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আখতারুজ্জামান খান জুয়েল বলেন, ‘আলতাফ খুব ভালো ছেলে ছিল। তার নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকেই গোটা এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শুধু তার স্বজনেরাই নয়, গোটা ইউনিয়নবাসীই গত কয়েক দিন তার লাশের প্রতীক্ষায় ছিল। আলতাফের বাড়িতে যারা যাচ্ছে, প্রত্যেকেই কেঁদে বাড়ি ফিরছে।’আলতাফের বড় ভাই ঈমান কাজী কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাদের যে সর্বনাশ হওয়ার, তা তো হয়েই গেছে। তবে কিছুটা হলেও সান্ত্বনা এই যে, শেষ পর্যন্ত ওর লাশটা দেশের মাটিতে আনতে পেরেছি।’ এ পর্যন্ত বলেই আর কথা বলতে পারেননি তিনি।