আলপনায় রঙিন হলো রাজপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সকালে যাঁরা যাবেন মনিক মিয়া অ্যাভিনিউতে, মুগ্ধ বিস্ময় জাগবে তাঁদের মনে। ঢাকা শহরের অন্যতম প্রশস্ত দীর্ঘ এই রাজপথটির রূপ তাঁরা দেখবেন বদলে গেছে। সারা রাত ধরে আজ দেশের অগ্রগণ্য এবং তরুণ প্রজন্মের প্রায় শ তিনেক শিল্পী আর আঁকাজোকায় উত্সাহীরা দৃষ্টিনন্দন আলপনায় রাঙিয়ে দিয়েছেন এই রাজপথ।জাতীয় সংসদের দক্ষিণ দিকের প্রবেশমুখের সামনেই পথে বিশাল অক্ষরে লেখা ‘আলপনায় বৈশাখ’—এই নামেই সম্পন্ন হয়েছে বিপুল অঙ্কন কর্মযজ্ঞ। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও প্রথম আলোর উদ্যোগে বাংলা নতুন বর্ষকে স্বাগত জানিয়ে বছরের শেষ রাতে এই আলপনা আঁকা হয়েছে। নববর্ষকে স্বাগত জানিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আলপনা আঁকার এই উদ্যোগ শুরু হয়েছিল গত বছর থেকে। সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো সড়কটির মাঝের বিভক্তির রেখার উভয় পাশে প্রায় তিন লাখ বর্গফুটজুড়ে আলপনা আঁকার উত্সব। এতে সহায়তা দিয়েছে বার্জার পেইন্টস, এশিয়াটিক ৩৬০ মার্কেটিং কমিউনিকেশন এবং প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা।জাতীয় সংসদের দক্ষিণ পাশের সড়কের পাশে বিশাল আকারের ডিজিটাল পর্দার সামনে ছোট্ট একটি মঞ্চ। সেখানেই সন্ধ্যা সাতটায় হলো পিচঢালা কালো রাজপথটিকে রাঙিয়ে তোলার কর্মযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক সবাইকে এই কর্মযজ্ঞে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘এই চমত্কার আবহাওয়ায় এই কালো পথটিকে রঙিয়ে তোলা হবে। আগামীকাল নতুন আলোয় পৃথিবী দেখবে সেই দৃশ্য। নতুন দিন আমাদের জন্য বয়ে আনবে নতুন বার্তা।’শুরুতেই দেখানো হলো গত বছরের আয়োজনের একটি প্রামাণ্যচিত্র। সেবার এই আয়োজনের শিরোনাম ছিল ‘আঁকব আমরা দেখবে বিশ্ব’। তাতে দেখা গেল সারা রাতজুড়ে শত শত শিল্পী আর উত্সাহী তরুণ প্রজন্ম এতে হাত লাগাচ্ছেন আলপনা আঁকায়। গিটার বাজিয়ে চলছে মনমাতানো গানের আসর। কাজের ফাঁকে ফাঁকে চলছে তুখোড় আড্ডা। বাবা-মায়েরা ছোট ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে এসেছেন বাঙালি সংস্কৃতির এই অন্যতম অনুষঙ্গের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। রীতিমতো আনন্দঘন উত্সবমুখর পরিবেশ। রাতের শেষে নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হয়েছে সড়কের এমাথা-ওমাথা জুড়ে দৃষ্টিনন্দন রঙিন আলপনা।আলপনা আঁকার উদ্বোধন ঘোষণা করে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী বাঙালির দীর্ঘকালের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আর্যদের ভারতবর্ষে আসার আগে থেকেই এখানে একটি উন্নত জাতির বসবাস ছিল। আমরা সেই তাদেরই উত্তরাধিকারী। দীর্ঘ কালপরিক্রমায় অনেক সময় তাদের ওপরে আঘাত এসেছে কিন্তু তাদের সাংস্কৃতিক চেতনা লুপ্ত হয়নি। বারবার মাথা তুলে দাঁড়িয়েছে। এখন আমরা বাঙালি জাতীয়তাবাদী চেতনার নবজাগরণের যুগে রয়েছি। যতই আঘাত আসুক, পথ চলতে আমরা পড়ে যেতে পারি কিন্তু মাথা তুলে দাঁড়াতেই হবে। যতবার পড়ব ততবার উঠে দাঁড়াব। সকল প্রতিবন্ধকতা আমরা জয় করব। আমাদের জয় করতেই হবে।’সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন, ‘পয়লা বৈশাখের উত্সব বাড়ির গণ্ডি ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। পরিণত হয়েছে দেশের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক চেতনা উত্সবে। সম্প্রতি নানা দ্বন্দ্ব সংঘাতে আমাদের উজ্জ্বল অর্জনগুলো বিঘ্নিত হচ্ছে। আমরা ধ্বংস চাই না। আমারা গড়তে চাই। কামনা করি নতুন বছর আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে।’এয়ারটেলের বিপণন প্রধান মীর নবত আলী বলেন,‘প্রতিবছরই নববর্ষের উত্সবের বিস্তৃতি ঘটছে। নতুন নতুন অনুষঙ্গ যুক্ত হচ্ছে। সেই নতুন সংযোজনের ভাবনা থেকেই ঐতিহ্যবাহী আলপনাকে নগর জীবনের বৃহত্ পরিসরে তুলে আনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ বার্জার পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী সকল ভেদাভেদ ভুলে ১৪২০ সনে যেন বাংলাদেশকে নতুন করে পাওয়ার কামনা করেন।শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ‘জাতীয় সংসদের সামনে নতুন বছরের প্রাক্কালে আলপনা আঁকা হচ্ছে। আমরা কামনা করব আগামী দিনগুলো জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় সংসদেই আলোচনার ভিত্তিতে সব সংকটের অবসান হবে।’ শিল্পী রফিকুন নবী বলেন, এই পথ যেমন রঙিন হয়ে উঠবে, আগামীতে আমাদের জীবনও যেন তেমন রঙিন হয়ে ওঠে।’ আলোচনা করেন শিল্পী মনিরুজ্জামান। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান স্বাগত বক্তব্যে সব সমস্যা অতিক্রম করে নতুন বছরে বাংলাদেশ দৃপ্ত পায়ে সামনের দিকে এগিয়ে যাবে।