আলফাজের অন্য জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলার আলফাজ আহমেদের অন্য পরিচয় তিনি মাশরুমচাষি। লিখেছেন বদিউজ্জামানলোকে বলে ব্যাঙের ছাতা। আসলে কি তাই? দেখতে ব্যাঙের ছাতার মতো বলেই মাশরুম এই নামে পরিচিত। মিরপুরে দুই কাঠা জমির ওপর মাশরুমের খামার জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদের। ‘অবসরে কী করেন?’ জাতীয় প্রশ্ন অনেকবারই শুনতে হয়েছে নতুন মৌসুমে বিজেএমসিতে যোগ দেওয়া আলফাজকে। উত্তর একটাই, ‘মাশরুমের খামার নিয়ে ব্যস্ত থাকি।’‘এত কিছু থাকতে মাশরুম চাষ নিয়ে আগ্রহী হলেন যে?’ আলফাজের সাদামাটা উত্তর, ‘আসলে মাশরুমের খামার নিয়ে আমার স্ত্রী নাজিয়া আহমেদের আগ্রহ ছিল। ওর খুবই ইচ্ছা ছিল এমন একটি ফার্ম করবে।’ একেবারেই ঘরোয়া এক আড্ডায় একদিন হঠাৎ করে পুষ্টিকর খাবারের চাষের আগ্রহ দেখিয়েছিলেন নাজিয়া। আলফাজ বলছিলেন, ‘টিভিতে আমার স্ত্রী প্রায়ই মাশরুম চাষের ওপর অনুষ্ঠান দেখত। হঠাৎ একদিন ও-ই আমাকে বলল, আমাদের তো নিজেদের জায়গা আছে। সেখানে মাশরুম চাষ করলে কেমন হয়?’ যেমন ভাবা তেমন কাজ। তাঁদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বন্ধু মোহাম্মদ ইলিয়াস। স্থানীয় হাইস্কুলের রসায়নের শিক্ষক তাঁকে বরাবরই সহযোগিতা করে আসছেন। এখনো যেমনটা করেন। মাশরুমের খামার দেখাতে আলফাজের খানিক পরই ফার্মে এসে হাজির ভদ্রলোক। মাশরুম চাষে উন্নতি হচ্ছে, বাণিজ্যিকভাবেও লাভবান হচ্ছেন তাঁরা—এসব দেখে পরে ভেবেচিন্তে শিক্ষকতার পেশাটাও ছেড়ে দিয়েছেন ইলিয়াস। আপাতত দুজনের সার্বক্ষণিক চিন্তা কীভাবে এই পণ্য বাংলাদেশের আনাচে-কানাচে পৌঁছে দেওয়া যায়। চার বছর আগে শুরু হওয়া মাশরুম খামার দিনকে দিন উন্নতির পথে।ফুটবলার হওয়ার সুবাদে আলফাজকে ভালোমতোই চেনেন আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদ। গত মৌসুমে আবাহনীতে খেলা ফুটবলারের এমন একটি মাশরুম উৎপাদনের খামার আছে শুনে নাবিল আহমেদ তাঁদের চেইন শপ মীনা বাজারের মাধ্যমে সেটি বাজারজাতকরণের প্রস্তাব দেন। প্রস্তাবটি সহজেই লুফে নেন আলফাজ। ‘বাজারে সবচেয়ে ভালো মানের যে মাশরুম, সেটি আমরাই সরবরাহ করে থাকি’—বলার সময় আলফাজের চোখে-মুখে ফুটে ওঠে সাফল্যের দীপ্তি। মাশরুম নিয়ে এখন অনেক কিছুই জানেন আলফাজ। এই খাদ্যের গুণাগুণও তাঁর মুখস্থ, ‘এতে আমিষ আছে ২৫-৩৫ শতাংশ। আছে ভিটামিন, মিনারেল, চর্বি ও শর্করা। মাশরুম ডায়াবেটিস, কোলস্টেরল, হূদেরাগ, কিডনি আর গ্যাস্ট্রিকেরও চরম উপকারী।’ তা এত কিছু শিখলেন কী করে? ‘ওই যে, বন্ধু আছে না’—হাসতে হাসতে উত্তর দেন আলফাজ।তবে মাশরুম চাষের ওপর আরও জ্ঞানার্জনের ইচ্ছা আছে আলফাজের। সাভারে মাশরুম প্রশিক্ষণকেন্দ্র থেকে কোর্স করারও ইচ্ছা আছে। তাঁর দাবি, ‘ঢাকা শহরে এমন বড় ফার্ম আর কোথাও নেই।’ শুরুর দিকে লাভের মুখ খুব বেশি দেখেননি আলফাজ। পরে আস্তে আস্তে ব্যবসায়ে লাভ তুলতে শুরু করেন। কেন লাভ হচ্ছিল না সেটার ব্যাপারে ব্যাখ্যা দিলেন, ‘মানুষের আসলে এটা সম্পর্কে খুব বেশি ধারণা নেই। মাশরুম সম্পর্কে এখনো অনেক মানুষই জানে না। সবাই বলে এটা হলো ব্যাঙের ছাতা। কিন্তু এটা তো সত্যিকারের ব্যাঙের ছাতা নয়। এর উপকারিতা সবাইকে জানতে হবে। সাধারণ মানুষকে যদি নিয়মিত এ ব্যাপারে স্বচ্ছ ধারণা দেওয়া হতো, তাহলে সবাই কমবেশি উপকার পেত।’ আলফাজের বাড়ির হেঁশেলে প্রায়ই তাজা মাশরুম রান্না হয়। জানালেন, সবজি, মাছ, মাংসের সঙ্গে এটা রান্না করা যায়। মাশরুমের ভুনা, ওমলেট, পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চপ খুবই সুস্বাদু। এমনকি পেঁয়াজের বদলেও নাকি মাশরুম ব্যবহার করা যায়! শুকনো এবং পাউডার মাশরুমও নাকি পাওয়া যায় বাজারে। আলফাজের খামারের দুটি অংশ। একটিতে বীজ উৎপাদন করা হয়। এই পরীক্ষাগারটির মধ্যে সব সময় তাপমাত্রা থাকে ২০ ডিগ্রির নিচে। ভেজা আবহাওয়ায় মাশরুম দ্রুত বাড়ে, বর্ষাকালে তাই এটি বেশি ফলন দেয়। মাশরুম নিয়ে কথা বলতে বলতে ফুটবলার আলফাজ হয়ে যান পুরাদস্তুর মাশরুম চাষি। ১৯৯১-৯২ মৌসুমে রহমতগঞ্জের হয়ে ক্যারিয়ার শুরু করা আলফাজ এখনো বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে খেলে যাচ্ছেন। আর কত দিন? এই প্রশ্নে হাসেন, ‘যত দিন ফিট, তত দিন খেলা।’ এরপর? ‘এরপর, হয়তো কোচিংয়ে যাব।’ কিন্তু খেলার বাইরে আলফাজের অনাবিল এক আনন্দের জগৎ এই মাশরুম ফার্ম। প্রতিদিন পরীক্ষাগারে ঢুকে বীজ মাশরুম থেকে কাণ্ড বের হতে দেখে যে আনন্দ পান, সেটা যেন ম্যাচে গোল করার সমান। মাশরুম ফার্মে কথা বলার সময় তাঁর চোখে মুখে সেই আনন্দের ঝিলিকে চিরচেনা আলফাজকে অচেনাই মনে হচ্ছিল!