আলফাডাঙ্গা উপজেলা পরিষদের গণপাঠাগার এক বছর ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠিত গণপাঠাগারটি জনবলের অভাবে প্রায় এক বছরেরও বেশি সময় বন্ধ রয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৭ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ-ইয়া ভূঁইয়া উপজেলা পরিষদ চত্বরের একটি পরিত্যক্ত ভবনে পাঠাগারটি উদ্বোধন করেন। ২০০৭-০৮ অর্থবছরে ফরিদপুর জেলা পরিষদ পাঠাগারের উন্নয়নে এক লাখ টাকা অনুদান দেয়। শুরুতে পাঠাগারের নিজস্ব জনবল না থাকায় ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল পাঠাগারকে উপজেলা পরিষদ গণপাঠাগারের সঙ্গে সমন্বয় করে তাদের প্রকল্পের লোকবল দিয়ে পরিচালনা করা হয়। কিন্তু প্রায় এক বছরের বেশি সময় ইসলামিক ফাউন্ডেশনের ওই প্রকল্পের কার্যক্রম ও জনবল না থাকায় একই সঙ্গে বন্ধ হয়ে যায় উপজেলা পরিষদের গণপাঠাগারটি। বর্তমানে পাঠাগারে সুসজ্জিত পাঠকক্ষসহ পাঁচ শতাধিক বই রয়েছে। নারী পাঠকদের জন্য রয়েছে পৃথক পাঠকক্ষ।পাঠাগারের উদ্যোক্তা তৎকালীন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (বর্তমানে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) মো. নজরুল ইসলাম জানান, পাঠাগারের জন্য সাধারণ জ্ঞান, সেলাই শিক্ষা, ড্রাইভিং, স্পোকেন ইংলিশসহ যুগোপযোগী নানা বই সংগ্রহ করায় শুরু থেকে এখানে প্রচুর পাঠক আসত। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসী মিলে পাঠাগারটি সচল রাখা উচিত।আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। দুই পেশায়ই প্রচুর পড়াশোনার দরকার। উপজেলা পরিষদের পাঠাগারটি চালু থাকলে আমার মতো অনেক শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী বিশেষভাবে উপকৃত হতো।’সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’-এর স্থানীয় শাখার আহ্বায়ক মো. সারেকুল হাসান জানান, পাঠাগার একটি এলাকার বাতিঘরের মতো। উপজেলা পরিষদের উদ্যোগে বিকল্প অর্থায়নের মাধ্যমে লোকবল নিয়োগ করে পাঠাগারটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া উচিত।পাঠাগারের সদস্যসচিব ও উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশীদ জানান, পাঠাগারটিতে সুসজ্জিত পাঠকক্ষ, বিদ্যুৎ-সংযোগ ও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া নারী পাঠকদের জন্য পৃথক একটি পাঠকক্ষের ব্যবস্থা থাকায় শুরু থেকেই উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের নারী সদস্যরা এবং আশপাশের নারীরা এখানে নিয়মিত বই পড়তে আসত।পাঠাগারের সভাপতি ও ইউএনও এ এস এম ফেরদৌস জানান, লোকবলের অভাবে পাঠাগারের কার্যক্রম প্রায় এক বছরের অধিক সময় বন্ধ রয়েছে। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল পাঠাগার প্রকল্পে একজন লাইব্রেরিয়ান ও একজন খাদেম (পিয়ন) নিয়োগ করা হয়েছে। ওই জনবল দিয়ে পাঠাগারটি পুনরায় চালু করা সম্ভব হবে।ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপ-পরিচালক মো. লোকমান হোসেন জানান, ফাউন্ডেশনের মডেল পাঠাগার প্রকল্পে কয়েক মাস আগে লোকবল নিয়োগ করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় তারা কাজে যোগদান করতে পারছে না। অনুমোদনের জন্য কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে।