ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কাজ না করেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে কুকুর নিধন প্রকল্পের নামে বরাদ্দ হওয়া ৪০ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ওই প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে দেখিয়ে ইতিমধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির স্বাক্ষরে বরাদ্দ হওয়া টাকা তুলে নেওয়া হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. শওকত হোসেন বলেন, ‘উপজেলার বেওয়ারিশ কুকুর নিধনের জন্য ২০০৯-১০ অর্থবছরে এডিপি থেকে ৪০ হাজার টাকার একটি প্রকল্প নেওয়া হয়। পরে কাজ সম্পন্ন করা হবে উপজেলা চেয়ারম্যানের এমন আশ্বাসে আমি ৩০ জুন ওই বিল ছেড়ে দিয়েছি। কাজ সম্পন্ন হওয়ার আগেই বিল অনুমোদন নিয়মতান্ত্রিক না হলেও সারা দেশে এভাবে এডিপির বরাদ্দ থেকে টাকা তুলে রাখার অলিখিত নিয়ম চালু আছে।’বেওয়ারিশ কুকুর নিধন প্রকল্পের সভাপতি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার মালো বলেন, ‘আমি নামেমাত্র প্রকল্পের সভাপতি। উপজেলা চেয়ারম্যান ও ইউএনও আমাকে বলেছেন, আপনি শুধু কাগজপত্রে সই-স্বাক্ষর করবেন। কাজ যা করার আমরা করব। কাজের জন্য আপনাকে সময় দিতে বা চিন্তা করতে হবে না।’ আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন বলেন, ‘লোক দেখানো ও যেনতেনভাবে কুকুর নিধন প্রকল্পের কাজ শেষ করতেই আগেভাগে কাজের বিল তুলে নেওয়া হয়েছে, যা অস্বচ্ছতার নমুনা।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফেরদৌস বলেন, ‘ওই প্রকল্পের বিল তুলে রাখা হলেও কাজ স্বচ্ছভাবেই করা হবে। প্রকল্পের পুরো টাকাই আমার দায়িত্বে আছে।’ উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন বলেন, ‘সিটি করপোরেশন বা পৌরসভা থেকে দক্ষ লোক এনে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আগামী এক মাসের মধ্যে আমরা কাজটি সম্পন্ন করতে পারব বলে আশা করছি।’ গণহারে কুকুর নিধন প্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্যের সঙ্গে সাংঘর্ষিক, স্থানীয় পরিবেশবাদীদের এমন দাবির বিষয়ে তিনি বলেন, কুকুর নিধনে মাঠে নামলে দু-চারটি মারলে বাকিগুলো এমনিতেই দৌড়ে পালাবে। ফলে এলাকার সব কুকুরই মারা পড়বে এমন নয়।২০০৮-০৯ অর্থবছরেও উপজেলার বেওয়ারিশ কুকুর নিধনে ৫০ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল।