আলফাডাঙ্গায় জাল ডলার ও পাসপোর্টসহ দুজন গ্রেপ্তার
বিভিন্ন দেশের ৩৪টি জাল পাসপোর্ট ও ১০০ ডলারের ১১টি জাল নোটসহ ফরিদপুরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত দুজন হলেন বোয়ালমারী উপজেলার মাগুড়া গ্রামের কামাল সিকদার (৩০) এবং তাঁর সহযোগী নূরুল হক দেওয়ান (৪৫)।আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাকির হোসেন প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাজার এলাকার কামাল স্টুডিওতে অভিযান চালিয়ে পুলিশ। এ সময় ওই পাসপোর্ট ও জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই স্টুডিওর মালিক কামাল সিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী নূরুল হক দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহেদুজ্জামান বাদী হয়ে এ ব্যাপারে দুপুরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।