আলফাডাঙ্গায় স্কুল শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম কাঞ্চন একাডেমির শরীরচর্চা শিক্ষক মো. আইয়ুব হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২৭ জুলাই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক টাকা আত্মসাতের কথা স্বীকার করলেও এর সঙ্গে প্রধান শিক্ষক অমর কুমার দাস জড়িত বলে দাবি করেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে স্থানীয় গোপালপুর বায়তুল ফালাহ দাখিল মাদ্রাসা চত্বরে ওই এলাকার পাঁচ-ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। ওই দিন কাঞ্চন একাডেমির উপবৃত্তি পাওয়া ১০৭ জন শিক্ষার্থীর মধ্যে ১১ জন অনুপস্থিত ছিল। এ সুযোগে উপবৃত্তির তদারকির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আইয়ুব হোসেন শিক্ষার্থীদের ভূয়া স্বাক্ষর দিয়ে ১১টি চেকের মাধ্যমে সাড়ে আট হাজার টাকা তুলে নেন। অভিযুক্ত শিক্ষক আইয়ুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘ওই দিন প্রধান শিক্ষকের সঙ্গে পরামর্শ করেই আমি অনুপস্থিত শিক্ষার্থীদের নামে বরাদ্দ টাকা তুলি। প্রধান শিক্ষক আমাকে জানিয়েছিলেন, আমরা পরে শিক্ষার্থীদের ওই টাকা দেব। কিন্তু বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতির সাথে জমিজমা নিয়ে বিরোধ থাকায় এ ঘটনায় আমাকে ফাঁসানো হয়েছে।’ প্রধান শিক্ষক অমর কুমার দাস বলেন, ‘আমি টাকা তুলে নেওয়ার পরামর্শ দিইনি। অভিযুক্ত শিক্ষক তদন্ত কমিটির কাছে—এ ঘটনার সঙ্গে প্রধান শিক্ষক জড়িত নয়—মর্মে লিখিত স্বীকারোক্তি দিয়ে দোষ স্বীকার করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ তাঁকে সাময়িক বরখাস্ত করেছে।’বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুর রহমান বলেন, ‘অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ায় সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিদ্ধান্তের বিষয়টি লিখিতভাবে শিক্ষা বোর্ডকে জানানো হবে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম বজলুর রশীদ বলেন, ‘উপবৃত্তির টাকা বিতরণকালে শিক্ষা অফিস, ব্যাংক ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত থাকেন। শিক্ষার্থীকে সনাক্ত করার প্রথম দায়িত্ব সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকের। ওই বিদ্যালয়ের উপবৃত্তির টাকা আত্মসাতের ঘটনা আমাকে জানানো হয়নি। পরবর্তী সিদ্ধান্তগুলো সম্পর্কেও আমি কিছু জানতে পারিনি। বিষয়টি খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যাংক বা অন্য কারও কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন বলেন, ‘আমি শুনেছি উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে মো. আইয়ুব হোসেকে বরখাস্ত করা হয়েছে। আমরা দলীয়ভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’