জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী একাত্তরের মানবতা-বিরোধী অপরাধ তদন্তে গঠিত সংস্থাকে বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনীর চাপে ও প্রাণের ভয়ে তিনি আলবদর বাহিনী ও শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন।একাত্তরে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে আটক নিজামীকে গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির ‘সেফ হোমে’ নিয়ে জিজ্ঞাসাবাদের পর তদন্ত সংস্থার সদস্য এম সানাউল হক সাংবাদিকদের এ কথা জানান।জিজ্ঞাসাবাদ অসমাপ্ত রয়েছে উল্লেখ করে এম সানাউল হক বলেন, নিজামীকে আবার জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হবে। বেলা আড়াইটা ও বিকেল সাড়ে পাঁচটায় সেফ হোমের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তদন্ত সংস্থার সদস্য এম সানাউল হক। এ সময় তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় নিজামীকে একাত্তরের কিছু ভিডিওচিত্র দেখানো হয়েছে। এগুলো দেখে তিনি বলেন, ‘এটা গণহত্যা।’ তবে তিনি নিজে গণহত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন। নিজেকে বাঁচিয়ে নিজামী বলেছেন, মুক্তিযুদ্ধের সময় খুন, গণহত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, আলবদর ও শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ত না হলে পাকিস্তানি সেনারা তাঁকে হত্যা করত। সানাউল হক বলেন, সময়ের অভাবে নিজামীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাঁর বয়স ৭০। ৪০ বছর আগের অনেক বিষয় তিনি মনে করতে পারছেন না। এ জন্য জিজ্ঞাসাবাদের কাজ অনেক ধীরে হয়েছে।তদন্ত সংস্থার এই সদস্য আরও জানান, বিভিন্ন সাক্ষ্য ও তথ্য-প্রমাণ যাচাই করতে নিজামীকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদের সময় নিজামীকে কোনো ধরনের শারীরিক নির্যাতন করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, সকাল ১০টায় জিজ্ঞাসাবাদ শুরুর আগে এবং একটায় দুপুরের বিরতির সময় কারাগারের চিকিৎসক নিজামীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। নিজামীর আইনজীবীর বক্তব্য: নিজামীর আইনজীবী তাজুল ইসলাম জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের আদেশে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদের কথা বলা হলেও তাঁকে সকাল সাড়ে আটটায় সেফ হোমে আনা হয়েছে এবং বিকেল সোয়া পাঁচটায় ছাড়া হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় নিজামীকে তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন অপমানসূচক কথা বলেছেন। শারীরিকভাবে নির্যাতন করা না হলেও তাঁর ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় নিজামী কোনো কথাই বলেননি দাবি করে তাঁর আইনজীবী আরও বলেন, ‘কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তা নিয়ে তদন্ত সংস্থার কোনো নির্দেশনা ছিল না। এ জন্য নিজামী জিজ্ঞাসাবাদের সময় কোনো কথা বলেননি।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২১ এপ্রিল নিজামীকে সেফ হোমে নিয়ে এক দিন জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছিলেন। সে অনুযায়ী গতকাল তাঁকে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ধানমন্ডির ওই বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। বিকেল সোয়া পাঁচটার পর জামায়াতের নেতাকে প্রিজন ভ্যানে করে কারাগারে ফেরত পাঠানো হয়।জিজ্ঞাসাবাদের সময় তদন্ত সংস্থার সমন্বয়কারী আবদুল হান্নান খান, সদস্য আবদুর রহিম, আলতাফুর রহমান, মতিউর রহমান, আ. রাজ্জাক খান, মনোয়ারা বেগম, এম সানাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী নিজামীর আইনজীবী তাজুল ইসলাম ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক শামসুদ্দিন আহমেদও সেফ হোমে উপস্থিত ছিলেন।