জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী রুস্তম আলী
আলবদর ক্যাম্পে গোলাম আযম, নিজামী, মুজাহিদকে দেখেছেন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের নিরাপত্তাকর্মী মো. রুস্তম আলী মোল্লা (৫৮)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে তিনি গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও মুজাহিদকে শারীরিক শিক্ষা কলেজে স্থাপিত রাজাকার-আলবদরদের ক্যাম্পে ঢুকতে দেখেছেন।রুস্তম আলী এই মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।জবানবন্দিতে রুস্তম বলেন, একাত্তরে তাঁর বাবা রহম আলী মোল্লা মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি বাবার সঙ্গে কলেজের কর্মচারীদের কোয়ার্টারে থাকতেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা কলেজ দখল করে ক্যাম্প স্থাপন করে। তারা পিলখানা থেকে ১০০-১৫০ ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) সদস্যকে ধরে এনে কলেজের ব্যায়ামাগারে রাখে। কয়েক দিন পর পাকিস্তানি সেনারা ওই ইপিআর সদস্যদের অত্যাচার করে মেরে ফেলে। সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী ও নারীদের ওই ক্যাম্পে ধরে এনে নির্যাতন করা হতো। নারীদের নির্যাতন করা হতো অধ্যক্ষের কোয়ার্টারে। অনেক নারী নির্যাতনের ফলে মারা যান।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, মুক্তিযুদ্ধ শুরুর তিন-চার মাস পর থেকে কলেজ মাঠে রাজাকার-আলবদরদের প্রশিক্ষণ শুরু হয়। একদিন তিনি হেঁটে বাজারে যাওয়ার সময় দেখেন, পাকিস্তানি সেনাদের গাড়িতে করে তিন ব্যক্তি কলেজের ফটকে নামেন। তাঁদের তিনি চিনতেন না। ফটকে দায়িত্বে থাকা রাজাকার ও আলবদর সদস্যরা নাম বলাবলি করায় তিনি জানতে পারেন, তাঁরা ছিলেন—গোলাম আযম, নিজামী ও মুজাহিদ। ওই তিনজন কলেজে রাজাকার ও আলবদর ক্যাম্পের কার্যালয়ে যান।জবানবন্দিতে রুস্তম বলেন, যুদ্ধ শুরু হওয়ার চার-পাঁচ মাস পর তিনি ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার চিন্তা করেন। কেরানীগঞ্জের আঁটিবাজারে মুক্তিযোদ্ধা ক্যাম্পে যাওয়ার পথে তাঁর সঙ্গে মুক্তিযোদ্ধা বিচ্ছু জালালের দেখা হয়। পূর্বপরিচিত জালাল তাঁকে বলেন, যেহেতু তিনি (সাক্ষী) আলবদরদের প্রধান ক্যাম্পে আছেন, সে জন্য তাঁর মুক্তিযুদ্ধে যাওয়ার দরকার নেই। বরং ক্যাম্পে থাকলে মুক্তিযোদ্ধাদের খবর দিয়ে সাহায্য করতে পারবেন। একদিন তাঁর দেওয়া খবরের ভিত্তিতে বিচ্ছু জালালসহ মুক্তিযোদ্ধারা ক্যাম্পটিতে আক্রমণের জন্য মোহাম্মদপুরের কাঁটাসুরের কাছে অবস্থান নেন। তিনি তখন ক্যাম্প থেকে সরে যান। পরের ঘটনা তিনি জানেন না।সাক্ষী বলেন, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার সাত-আট দিন আগে পাকিস্তানি সেনারা আরও বুদ্ধিজীবী, শিল্পীদের ক্যাম্পে ধরে আনে এবং তাঁদের নির্যাতন করে হত্যা করে। তাঁদের অনেককে ক্যাম্পেই হত্যা করে আবার অনেককে রায়েরবাজারে বধ্যভূমিতে (বর্তমানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ) নিয়ে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়। তিনি কলেজের পেছনে রহিম ব্যাপারী ঘাটের একটি ইটের ভাটায় ১০০-১৫০ মানুষের চোখ স্তূপীকৃত অবস্থায় দেখেছেন। যা তিনি বিচ্ছু জালালকেও দেখিয়েছেন। স্বাধীনতার পর কলেজের পেছনে নয়টি লাশ এবং ব্যায়ামাগারের পাশে মানুষের গলিত মাথা পাওয়া যায়। বিজয়ের দিন পাকিস্তানি সেনারা ক্যাম্প ছেড়ে সেনানিবাসে চলে যায়। সেদিন রাজাকার, আলবদররা সাধারণ মানুষের বেশে পালিয়ে যায়। তারা যাওয়ার আগে ক্যাম্পের বাঙালি চিকিৎসককে জবাই করে হত্যা করে। তিনি ওই চিকিৎসকের লাশ উদ্ধার করেন।জবানবন্দির পর রুস্তমকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মুন্সী আহসান কবীর। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।