আলবদররা বাবাকে অপহরণ করে হত্যা করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক শাহীন রেজা নূর বলেছেন, একাত্তরে তাঁর বাবা সিরাজুদ্দীন হোসেনকে আলবদররা অপহরণ করে হত্যা করেছে।আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে শাহীন রেজা নূর এ কথা বলেন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ শাহীন রেজা নূরকে তৃতীয় দিনের মতো জেরা করা হয়। আজ তাঁর জেরা শেষ হয়। জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান।‘আপনার বাবা “ইত্তেফাক”-এ যেসব রাজনৈতিক নিবন্ধ লিখতেন, সেগুলোতে কি তাঁর নাম থাকত?’ আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, ‘তাঁর লিখিত নিবন্ধের কিছু কিছুতে নাম থাকত, কিছুতে রাজনৈতিক ভাষ্যকার বা অনামি লেখা লিখতেন।’ ‘সংগ্রাম’-এ প্রকাশিত ‘অতএব ঠগ বাছিও না’ নিবন্ধে তাঁর বাবার নাম বা তাঁর ছদ্মনাম ছিল—আইনজীবীর এমন তথ্যের জবাবে শাহীন রেজা বলেন, ‘না। তবে লেখাটি ছিল ইঙ্গিতপূর্ণ।’‘আপনার পিতার অপহরণের পর আপনি কি কোনো মামলা করেছিলেন?’ এ প্রশ্নে শাহীন রেজা বলেন, ‘১৯৭২-৭৩ সালে রমনা থানায় দালাল আইনে মামলা করেছিলাম। ওই মামলায় খলিল নামের একজনের সাজাও হয়েছিল। সেই বিচারের খবর বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছিল।’ আইনজীবী মত (সাজেশন) দেন, ‘আপনার পিতার অপহরণের সঙ্গে সম্পৃক্ত করে কোনো লেখা লেখেননি।’ জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়। আলবদররা আমার পিতাকে অপহরণ করে হত্যা করেছে।’জেরা শেষে ১৩ নভেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।