আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের বিভিন্ন স্থানে স্বাধীনতাযুদ্ধের সময়কার বধ্যভূমি ও গণহত্যা সংঘটিত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা এ অঞ্চলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নানা তথ্য-উপাত্ত সংগ্রহ ও সাক্ষ্য নিয়েছেন।সাক্ষ্যদাতারা অভিযোগ করেছেন, স্বাধীনতাযুদ্ধের সময় ময়মনসিংহ শহরের থানাঘাট ডাকবাংলো ছিল শান্তি কমিটি মোমেনশাহীর জেলা কার্যালয়। এটি জেলা আলবদর বাহিনীর প্রধান ক্যাম্প হিসেবে ব্যবহূত হতো। তৎকালীন ইসলামী ছাত্রসংঘের সভাপতি আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক ও অপারেশন কমান্ডার মো. কামারুজ্জামানের নেতৃত্বে গড়ে উঠেছিল এই আলবদর বাহিনী। সেই সময় শান্তি কমিটির সদস্য ও তৎকালীন মুসলিম লিগের সভাপতি এম হান্নান ছিলেন রাজাকারদের প্রশিক্ষণ সমন্বয়কারী। তাঁদের নির্দেশেই পাকিস্তানি হানাদার বাহিনী ময়মনসিংহের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ ও লুটতরাজ চালায়। হত্যার পর লাশ ব্রহ্মপুত্র নদে ফেলে দেওয়া হতো।জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী সাহেব কোয়ার্টার পার্কসংলগ্ন গণকবর, থানাঘাট ডাকবাংলোসংলগ্ন বধ্যভূমি, ছোটবাজার গণকবর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বধ্যভূমি ও মুক্তাগাছা উপজেলা সদরের আর্মড ব্যাটালিয়ন-সংলগ্ন গণকবর পরিদর্শন করেন।পরে তদন্ত দলটি ময়মনসিংহ সার্কিট হাউসে মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ মোট ৩০ জনের সাক্ষ্য নেয়। সন্ধ্যায় তারা প্রেস ব্রিফিং করে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ-আল মালুম বলেন, ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধের তদন্তের কাজ শুরু হয়েছে। এ তদন্তের কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন, যে পরিমাণ তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই পাবে না।তদন্ত দলের কাছে সাক্ষ্যদানকারীদের মধ্যে আছেন ময়মনসিংহ-৪ আসনের সাংসদ মতিউর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের কমান্ডার নাজিম উদ্দিন আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সেক্রেটারি আবদুর রব, মুক্তিযোদ্ধা বিমল পাল এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলটি বুধবার রাতে শেরপুর থেকে ময়মনসিংহে পৌঁছে। পাঁচ সদস্যের এই দলে রয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ-আল মালুম, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক খান ও প্রবীর ভট্টাচার্য।