আলবদরের প্রধান হিসেবে সব দায় নিজামীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ বলেছে, একাত্তরে নিজামী আলবদর বাহিনীর প্রধান ছিলেন। ঊর্ধ্বতন নেতৃত্বে থাকায় আলবদরের করা সব অপরাধের দায় তাঁর।আজ বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন শেষ করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলতাফ উদ্দিন আহমেদ। ২১ মার্চ এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।অভিযোগ উপস্থাপনকালে আলতাফ উদ্দিন আহমেদ বলেন, একাত্তরে নিজামী নিখিল পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন। পরে আলবদর বাহিনী গঠন করা হলে তিনি এর প্রধান হন। একাত্তরের ৩ আগস্ট চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউটে ছাত্রসংঘের আলোচনা সভায় নিজামী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তব্য দেন। ২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, যারা পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চায়, তারা অস্ত্র হাতে নিয়েছে। এ কথা বলে তিনি এ দেশের স্বাধীনতাকামী মানুষকে হত্যা করতে প্ররোচিত করেন। ৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে প্রতিরক্ষা দিবস উপলক্ষে আয়োজিত ছাত্রসংঘের সভায় নিজামী বলেন, হিন্দুস্তানের মূল ভূখণ্ডে আঘাত হানার জন্য রাজাকার, আলবদররা প্রস্তুত। ৯ ও ১০ সেপ্টেম্বর যশোর পিপি হলে ছাত্রসংঘের সুধী সমাবেশে নিজামী প্রত্যেক রাজাকারকে ইমানদারির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।অভিযোগ উপস্থাপনের শেষ পর্যায়ে কৌঁসুলি বলেন, একাত্তরে বিজয়ের প্রাক্কালে আলবদর বাহিনী দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের ধরে রায়েরবাজার বধ্যভূমিতে নিয়ে হত্যা করে। আলবদরের প্রধান হিসেবে ওই হত্যার দায় নিজামীর।নিজামীর বিরুদ্ধে ৭৩ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন।