আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার তিউনিসিয়ার ছায়া পড়েছে ইউরোপীয় দেশ আলবেনিয়ায়। দেশটির রাজধানী তিরানায় গতকাল শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভে তিন ব্যক্তি নিহত হয়েছে।তিরানার সামরিক হাসপাতালের উপপরিচালক আলফ্রেড গ্যাগা জানিয়েছেন, এ আন্দোলনে তিন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ছাড়া এই ঘটনায় ৩৩ বিক্ষোভকারী ও ১৭ জন পুলিশ আহত হয়েছে। এদের মধ্যে এক বিক্ষোভকারী ও এক পুলিশের অবস্থা গুরুতর। দেশটির প্রধানমন্ত্রী শালি বারিসা এ ঘটনাকে তিউনিসিয়ার পরিস্থিতির পুনরাবৃত্তি করার অপচেষ্টা বলে অভিহিত করেছেন।বারিসা বলেছেন, আলবেনিয়ার বিরোধী দলের সমর্থকেরা তিউনিসিয়ার ধারণা গ্রহণ করেছে। তিনি এ ক্ষেত্রে বিরোধী সোশ্যালিস্ট পার্টির সমর্থকদের তিউনিসিয়ার পলাতক প্রেসিডেন্ট বেন আলীর সঙ্গে তুলনা করেছেন। প্রধানমন্ত্রী বিরোধীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আলবেনিয়ায় জরুরি অবস্থা নেই এবং জরুরি অবস্থা জারিও করা হবে না। তবে কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না।দেশটির সমাজতন্ত্রপন্থী বিরোধী দলের সমর্থকেরা সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও ভোট কারচুপির প্রতিবাদে এ বিক্ষোভ করেছে। ২০০৯ সালে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরোধী দল ওই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে শুরু থেকেই পুনর্নির্বাচনের দাবি করে আসছে। গতকাল বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরের রাজপথ দখলে নিয়ে প্রতিবাদমুখর হয়ে ওঠে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করে। পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট, গরম পানি, অচেতন করার গ্রেনেড নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর মধ্যে পুলিশের গাড়িও ছিল । এদিকে সোশ্যালিস্ট পার্টির নেতা এদি রামা বলেছেন, জনতাকে উসকানি দেওয়া হয়েছে এবং পুলিশের আচরণ ছিল অপেশাদারসুলভ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রায় ২০ হাজার জনতা সরকারবিরোধী এ বিক্ষোভে অংশ নেয়। তারা প্রধান সড়ক দখলে নিয়ে বিক্ষোভ করে। রয়টার্স।