আলমগীর কুমকুমের দাফন সম্পন্ন
গত সোমবার প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের মৃত্যুর পর বিভিন্ন স্থানে জানাজা শেষে তাঁর মরদেহ রাখা হয়েছিল বারডেম হাসপাতালের হিমঘরে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ মঙ্গলবার বেলা ১১টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।আলমগীর কুমকুমকে শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদনের জন্য চলচ্চিত্রশিল্পী, পরিচালক, প্রযোজকসহ সাংস্কৃতিক অঙ্গনের অনেক ব্যক্তি উপস্থিত হয়েছিলেন। আরও উপস্থিত ছিলেন আলমগীর কুমকুমের পরিবারের সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, তারানা হালিম, শংকর সাঁওজাল, নাসির উদ্দীন ইউসুফ, লিয়াকত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সাড়ে ১২টায় আলমগীর কুমকুমের মরদেহ বনানি কবর স্থানে নিয়ে যাওয়ার পর বাদ জোহর সেখানেই তাঁকে দাফন করা হয়। তাঁর স্মরণে আগামী ২ মার্চ বিকেলে বাঙালি সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক স্মরণ সভার আয়োজন করেছে।আলমগীর কুমকুম চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন। চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে। এরপর তিনি পদ্মা নদীর মাঝি, স্মৃতিটুকু থাক, আমার জন্মভূমি, গুন্ডা, মমতা, আগুনের আলো, কাপুরুষ, সোনার চেয়ে দামি,কাবিনসহ একাধিক চলচ্চিত্র নির্মাণ করেন। তিনি দীর্ঘদিন সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতেন। জয় বাংলা সাংস্কৃতিক জোটের সভাপতি ছিলেন তিনি।