আলমডাঙ্গায় জনতা পুলিশ সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গতকাল মঙ্গলবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বায়েজিদ হোসেন (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ছাত্র-জনতা ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গা শহরের থানাপাড়ার ব্যবসায়ী আবদুল বারীর ছেলে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র বায়েজিদ গতকাল সকাল ছয়টার দিকে কলেজপাড়ায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের সামনে পৌঁছালে মূল সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে তার গায়ের ওপর পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে সকাল আটটার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিদ্যুৎ বিতরণকেন্দ্র ঘেরাও করে। এ সময় প্রকৌশলী শফিকুর রহমান খান তাঁর ব্যক্তিগত রিভলবার উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ছাত্র-জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, বিদ্যুৎ কার্যালয় দুই দফা ঘেরাওসহ আগুন লাগানোর ঘটনা ঘটে। সংঘর্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ অর্ধশতাধিক আহত হয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক এবং কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা থেকে আর্মড পুলিশ ও র‌্যাব এবং আলমডাঙ্গা থানা এলাকার সব কটি ক্যাম্প ও ফাঁড়ির বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভের সময় ছাত্র-জনতা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীর অবহেলাকে দায়ী করে তাঁর অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পরে আবাসিক প্রকৌশলী শফিকুর রহমান খানকে তাৎক্ষণিক বদলি করা হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে লাঠিপেটা, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেলের খোসায় বেশ কয়েকজন আহত হয়। পুলিশ প্রকৌশলী শফিকুরকে তাদের গাড়িতে করে থানায় নিয়ে আসে। পুলিশের এই আচরণে ক্ষুব্ধ হয়ে উত্তেজিত জনতা উভয় দিক থেকে থানা ঘেরাও করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশের পাঁচজন সদস্য আহত হন। এ ছাড়া বিক্ষোভকারীরা অন্তত ২০টি পয়েন্টে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। বিক্ষোভে আওয়ামী লীগ, বিএনপির নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। দুপুর ১২টায় পুলিশের হামলায় আহত বাপ্পী নামের আরও এক ছাত্রের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে পরিস্থিতির অবনতি ঘটে। আন্দোলনকারীরা বিদ্যুৎ বিতরণকেন্দ্রে দ্বিতীয় দফা আক্রমণ করে এবং কেন্দ্রের একমাত্র গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এর আগে বিক্ষোভকারীরা রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন দুই ঘণ্টা অবরোধ করে রাখে।উত্তেজনাকর পরিস্থিতিতে জেলা প্রশাসক ভোলানাথ দে আবাসিক প্রকৌশলীর অপসারণের দাবির বিষয়টি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে (ওজোপাডিকো) অবগত করেন।আবাসিক প্রকৌশলীর তাৎক্ষণিক বদলির খবর ছড়িয়ে পড়লে দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাদ জোহর স্থানীয় কবরস্থানে বায়েজিদের দাফন সম্পন্ন হয়।এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনার আগের দিন জরাজীর্ণ তার অপসারণের জন্য আবাসিক প্রকৌশলীকে জানানো হলেও তিনি তা আমলে নেননি। এ কারণে তার ছিঁড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে।প্রকৌশলী শফিকুর রহমান খান দাবি করেন, আলমডাঙ্গা বিদ্যুৎ বিভাগ জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। প্রয়োজনীয় লোকবলের পাশাপাশি গাড়ি, তার, ট্রান্সফরমার কিছুই নেই। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সব সময় মেরামত করা সম্ভব হয় না।ওসি মতিয়ার রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।