আলমডাঙ্গায় দুজনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের হরিতলা এলাকার ফসলের মাঠ থেকে আজ শুক্রবার পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় দুই ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে।সকালে কৃষকেরা কাজ করতে গিয়ে ফসলের মাঠে হাত-পা বাঁধা অবস্থায় দুজনের লাশ দেখতে পান। তাঁরা তাত্ক্ষণিকভাবে আলমডাঙ্গা থানায় খবর দিলে পুলিশ সকাল ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে।তাঁদের মধ্যে একজনের নাম মজিবর ওরফে ইয়াকুব (৩৫)। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভোমরাদহ গ্রামের মহিবুর রহমানের ছেলে। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ ফকির জানান, নিহত মজিবরের বিরুদ্ধে থানায় হত্যাসহ তিনটি মামলা রয়েছে। তিনি চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় সদস্য ছিলেন বলেও অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, প্রতিপক্ষ কোনো চরমপন্থী দল এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, বেশ কয়েক দিন ধরে আলমডাঙ্গা উপজেলায় চরমপন্থী-বিরোধী অভিযান চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শিগগিরই গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হবে বলে তিনি আশা করেন।