আলমডাঙ্গায় নগ্নপদযাত্রা, পুণ্যস্নান ও শিবের মাথায় পানি ঢালা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান নগ্নপদযাত্রা, পুণ্যস্নান ও শিবের মাথায় পানি ঢালা উৎসব পালিত হয়েছে। দেবতা শিবের ২০তম মহাপুণ্যস্নান উপলক্ষে আলমডাঙ্গা মহাপুণ্যস্নান উদ্যাপন কমিটি এ উৎসবের আয়োজন করে। উদ্যাপন কমিটির সভাপতি গিরিধারীলাল মোদীর নেতৃত্বে ২ আগস্ট সকাল আটটায় আলমডাঙ্গা শ্রীশ্রী সত্যনারায়ণ মন্দির থেকে পুণ্যার্থী নারী-পুরুষেরা নগ্নপদযাত্রায় অংশ নেন। ‘ব্যোম ব্যোম ভোলা বাবা’ ধ্বনি আর ঢাকের তালে তালে পদযাত্রাটি আনন্দধাম গ্রামের কুমার নদের কালীঘাটে গিয়ে থামে। সেখানে পুণ্যার্থীরা পুণ্যস্নান করেন এবং ঘটিতে পানি নিয়ে পুনরায় নগ্নপদযাত্রাসহকারে একই মন্দির চত্বরে এসে সমবেত হন। তাঁরা মন্দিরে স্থাপিত শিবের মাথায় পানি ঢেলে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর শ্রাবণ মাসের ১৬ তারিখে আলমডাঙ্গায় ধর্মীয় এই উৎসব অনুষ্ঠিত হয়। উদ্যাপন কমিটির সদস্য সচিব অমল বিশ্বাস জানান, ২০ বছর ধরে অনুষ্ঠিত এই উৎসবে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও দেশের নানা অঞ্চল থেকে পুণ্যার্থীরা আসেন। এ বছর ভারতের পশ্চিমবাংলা থেকেও অনেক পুণ্যার্থী অংশ নিয়েছেন। পশ্চিমবাংলার কৃষ্ণনগর থেকে আসা গণেশ কুমার (৪৫) বলেন, ‘শিব বাবাকে শ্রদ্ধা জানাতে এত দূরে ছুটে এসেছি।’ কুষ্টিয়া শহর থেকে আসা শোভা রানী বালা (৬৫) জানান, তিনি প্রতিবছর লাঙ্গলবন্দ ও আলমডাঙ্গার পুণ্যস্নানে অংশ নেন। এই পুণ্যস্নানের মধ্য দিয়ে মনের পবিত্রতা রক্ষা হয়।ঐতিহ্য অনুযায়ী এ বছরও পুণ্যস্নান উপলক্ষে সপ্তাহব্যাপী আলমডাঙ্গা রথতলা মন্দিরে মহানামযজ্ঞ চলে। গত ২৭ জুলাই শুরু হয়ে ৩ আগস্ট ভোররাতে শেষ হয়। এ ছাড়া এ উৎসব উপলক্ষে এক সপ্তাহ ধরে রথতলায় মেলা অনুষ্ঠিত হয়। মেলায় কুটিরশিল্প ও পূজার সামগ্রীর পাশাপাশি কাঠের আসবাবপত্রের বিশাল সমারোহ ঘটে।