আলমডাঙ্গায় ফুটবলে খোরদ সানমুন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১১ ডিসেম্বর সিরাজুল ইসলাম জোয়ার্দ্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নাইজেরিয়ান খেলোয়াড় ছিওর হ্যাটট্রিকের সুবাদে খোরদ সানমুন স্পোর্টিং ক্লাব ৫-২ গোলে শালিকা গ্রাম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার, জেলা প্রশাসক ভোলানাথ দে, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম।খেলায় চ্যাম্পিয়ন দলকে ৮০ সিসি মোটরসাইকেল এবং রানারআপ দলকে ৫০ সিসি মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলের পক্ষে হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন নাইজেরিয়ান খেলোয়াড় ছিও। তাঁকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ছাগল। রানারআপ দলের খেলোয়াড় সেলিম ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে দেওয়া হয় একটি ভেড়া। ফাইনালে খেলায় অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়কে একটি করে রাজহাঁস উপহার দেওয়া হয়। এ ছাড়া চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ ব্যক্তিগত তহবিল থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ১০ হাজার টাকা করে প্রাইজমানি দেন। আলমডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন তাঁর নিজ গ্রামে এই টুর্নামেন্টের আয়োজন করে। গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া এই খেলায় মোট ১৬টি দল অংশ নেয়। জীবননগরে বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আন্দুলবাড়িয়া একাদশ চ্যাম্পিয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী হাইস্কুল মাঠে ১০ ডিসেম্বর বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আন্দুল বাড়িয়া একাদশ ৫-৪ গোলে খয়ের হুদা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজি আলী আজগার প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, উথলী ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দীন বিশ্বাস, আন্দুলবাড়িয়া ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সুফিয়া বেগম ও টুর্নামেন্টের আহ্বায়ক আসাদুর রহমান বিশ্বাস। শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ এবং রানারআপ দলকে একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। টুর্নামেন্টে ৩২টি দল অংশ নেয়।অগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতঅগ্রণী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১১ ডিসেম্বর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে। চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার সকাল নয়টায় খেলার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ভোলানাথ দে, অগ্রণী ব্যাংক লিমিটেড খুলনা ও বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক ওমর ফারুক ও চুয়াডাঙ্গা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ফজলে হালিম।