আলমডাঙ্গায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জনযুদ্ধ নেতা নিহত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় র্যাবে গুলিতে নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পাটির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা মোকাদ্দেস আলী মালিথা ওরফে মোকাম মালিথা (৪০) নিহত হয়েছেন। র্যাবের ভাষ্য মতে, নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাবের একটি দল গতকাল বুধবার রাতে আলমডাঙ্গা-জামজামি সড়কে টহলে বের হয়। রাত ১২টার দিকে র্যাবের গাড়িটি ওই সড়কের যমুনার মাঠ এলাকায় পৌঁছালে একদল লোক তাদের গাড়ির সামনে পড়ে। এ সময় র্যাব চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। তাদের পিছু ধাওয়া করলে তারা একটি বাড়িতে ঢুকে র্যাবের ওপর গুলি ছুড়তে শুরু করে। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট ‘বন্দুকযুদ্ধে’র পর র্যাবের গুলি চরমপন্থী নেতা মোকামের শরীরে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।র্যাবের দাবি, ঘটনাস্থল থেকে র্যাব একটি নাইন এমএম পিস্তল, একটি শাটারগান, একটি রিভলবার ও দুটি গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে।চুয়াডাঙ্গা র্যাব-৬-এর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন হাসানুর রহমান জানান, বন্দুকযুদ্ধে র্যাবের পক্ষ থেকে ৩২টি গুলি ছোড়া হয়েছে। চরমপন্থীরাও র্যাবের দিকে বহু গুলি ছুড়ে। মোকামের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় পাঁচটি হত্যাসহ ১০টি মামলা রয়েছে।নিহত মোকাম আলমডাঙ্গা উপজেলার ভদুয়া গ্রামের মৃত এলাহী মালিথার ছেলে।