আলমডাঙ্গায় সন্ত্রাসী হামলায় আহত যুবদল নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলায় আহত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আবদুল হাই (৪৫) মারা গেছেন। গতকাল শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ব্যক্তির খালাতো ভাই শফিকুল আলম জানান, গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের হাফিজ মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের কাছে সন্ত্রাসীরা আবদুল হাইকে কুপিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে রাজধানীর হাতিরপুলে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার বিকেল সাড়ে তিনটায় তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় আবদুল হাইয়ের ছোট ভাই আবদুল হক বাদী হয়ে ঢাকার নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।আজ আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ নিজ উদ্যোগে হামলাকারীদের শনাক্ত করতে মাঠে নেমেছে।গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় যুবদল ও ছাত্রদলের হামলায় আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিহাদী জুলফিকার ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেন আহত হন। ওই ঘটনার জের ধরে ওই দিন রাতে যুবলীগের সন্ত্রাসীরা উপজেলা বিএনপি কার্যালয়সহ ছাত্রদলের পাঁচ নেতার বাড়ি ভাঙচুর করে। এর এক সপ্তাহ পর ছাত্রদলের নেতা সানির বাড়িতে আগুন দেওয়া হয়। এসব ঘটনার ধারাবাহিকতায় ঈদের আগের রাতে আবদুল হাইয়ের ওপর হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।