বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মো. সলিমুল্লাহ জেরায় বলেছেন, আলশামস বাহিনীর কর্মকাণ্ডে তিনি বুঝতে পারেন, চট্টগ্রামে ওই বাহিনীর প্রধান কার্যালয় ছিল গুডস হিলে (সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি)।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার জেরায় এক প্রশ্নের জবাবে সলিমুল্লাহ এ কথা বলেন। আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক গতকাল তাঁকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন।বঙ্গবন্ধুর ডাকে প্রতি গ্রামে, পাড়ায়, মহল্লায় সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, এটা জানেন—আহসানুল হকের এ প্রশ্নের জবাবে সলিমুল্লাহ বলেন, এটা তিনি শুনেছেন। এরপর আইনজীবী চট্টগ্রামের কয়েকটি স্থানে গঠিত সংগ্রাম পরিষদ সম্পর্কে প্রশ্ন করেন। একপর্যায়ে আইনজীবী মত (সাজেশন) দেন, সাক্ষী একাত্তরে নীহারের (সাক্ষীর বন্ধু) বাড়ি দখল করেছিলেন এবং ভাড়ানামা বানিয়েছিলেন। এ সময় সাক্ষী বলেন, এটা সত্য নয়। আইনজীবী বলেন, ওই বাড়ির ভাড়াটে রত্না বিশ্বাস নামের এক মেয়েকে নিয়ে খোকার (হামিদুল কবীর চৌধুরী) সঙ্গে সাক্ষীর ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। সাক্ষী বলেন, এটা সত্য নয়।আহসানুল হক বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে পাড়ার ছেলেদের সঙ্গে সাক্ষীর গন্ডগোল হওয়ার সময় সেনাবাহিনীর গাড়ি যাচ্ছিল। এ সময় তাঁকে সেনাদের গাড়িতে তোলা হয়। সাক্ষী বলেন, সুন্দর গল্প বানিয়েছেন। এটা সত্য নয়। পরে আইনজীবী সাক্ষীর পারিবারিক বিষয়ে প্রশ্ন করলে রাষ্ট্রপক্ষ তাতে আপত্তি জানায়। এতে ট্রাইব্যুনাল আইনজীবীর উদ্দেশে বলেন, এ ধরনের প্রশ্ন করা যাবে না।আইনজীবী বলেন, চট্টগ্রামে আলশামস বাহিনীর প্রধান কার্যালয় ছিল সিটি কলেজের বিপরীতে অবস্থিত আনসার ক্যাম্পে। সাক্ষী বলেন, এটা তাঁর জানা নেই। রাজাকার, আলবদর, আলশামস বাহিনীকে পাকিস্তান সরকার অর্থ দিত এবং সরকার তাদের পরিচালনা করত—আইনজীবীর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাক্ষী বলেন, সরকারের কাছ থেকে অর্থ পেত কি না, তা তিনি জানেন না। হয়তো ফজলুল কাদের চৌধুরী বা সালাউদ্দিন কাদের চৌধুরী সরকারের কাছ থেকে অর্থ নিয়ে তাদের দিতেন।আহসানুল বলেন, সাক্ষীর দেওয়া জবানবন্দি অনুসারে, চট্টগ্রামে দুটি শান্তি কমিটি ছিল। একটির প্রধান ছিলেন ফজলুল কাদের চৌধুরী ও সালাউদ্দিন কাদের চৌধুরী, আরেকটির প্রধান ছিলেন মাহমুদুন নবী চৌধুরী। এ-বিষয়ক কোনো নথিপত্র সাক্ষীর কাছে আছে? জবাবে সাক্ষী বলেন, এটা দেখানোর মতো কোনো কাগজপত্র নেই, থাকার কথাও নয়। ফজলুল কাদের চৌধুরীর কোনো লাল জিপ ছিল না—আইনজীবীর এ কথার বিরোধিতা করেন সাক্ষী। ওই লাল জিপের নম্বর কত?—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, জিপটি নম্বর ছাড়া চলত।রুনুদের (সাক্ষীর বন্ধু) বাসায় ধরে আনা কোনো নারীকে দেখেছেন—এ প্রশ্নের জবাবে সলিমুল্লাহ বলেন, তিনি যখন রুনুদের বাসায় যেতেন, তখন ধরে আনা কয়েকজন নারীকে দেখেছেন। তাঁদের কারও সঙ্গে কথা বলেছেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ওসব মেয়ের সঙ্গে কথা বলার স্পর্ধা তাঁর ছিল না। সেনাবাহিনীর হাতে ওই নারীদের তুলে দিতে দেখেছেন—এর জবাবে তিনি বলেন, তিনি দেখেননি, তবে খলিফার (দর্জি) কাছে শুনেছেন।আহসানুল হক বলেন, তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দির কোথাও সাক্ষী ওই খলিফার নাম বলেননি। সাক্ষী হ্যাঁ-সূচক জবাব দেন। আইনজীবী বলেন, ওই খলিফা (দর্জি) হলেন রত্না বিশ্বাসের বাবা প্রফুল্ল বিশ্বাস। সাক্ষী বলেন, ওই খলিফা (দর্জি) মুসলমান ছিলেন।জেরায় আইনজীবীর বিভিন্ন প্রশ্নের সময় সাক্ষী মন্তব্য করেন। একপর্যায়ে আহসানুল হক বলেন, এমন...সাক্ষী তিনি কখনো দেখেননি। রাষ্ট্রপক্ষ এ মন্তব্যের বিরোধিতা করে বলে, সাক্ষীকে হেয়প্রতিপন্ন করা হচ্ছে এবং জেরার নামে হয়রানি করা হচ্ছে। এ সময় সাক্ষী রাষ্ট্রপক্ষকে বলেন, তাঁর সমস্যা হচ্ছে না, তিনি এনজয় করছেন। ট্রাইব্যুনাল বলেন, ‘সাক্ষী এনজয় করেন আর আইনজীবী বিব্রত হন, এই প্রথম শুনলাম।’পরের কয়েকটি প্রশ্নের জবাবে সলিমুল্লাহ বলেন, গুডস হিল থেকে অত্যাচারিত হয়ে ফিরে আসার পর কোতোয়ালি থানায় তিনি কোনো অভিযোগ করেননি। কারণ, অভিযোগ করার মতো বুকের পাটা তাঁর ছিল না। স্বাধীনতার পরও তিনি এ নিয়ে কোনো অভিযোগ করেননি।বিকেলে এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।