আলাউদ্দিনের ওপর হামলার পরিকল্পনা হয় কারাগারে
খুলনার ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিএনপির নেতা সরদার আলাউদ্দিন ওরফে মিঠুর ওপর হামলার পরিকল্পনা হয় খুলনা কারাগারে বসে। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) কারাবন্দী একাধিক শীর্ষস্থানীয় নেতা এই পরিকল্পনা করেন। তাঁদের নির্দেশ অনুযায়ী নড়াইল, যশোর ও রূপসা থেকে বোমা হামলা ও অস্ত্র চালনায় দক্ষ ১০ থেকে ১২ জন চরমপন্থী সদস্যকে নিয়ে একটি দল গঠন করে আলাউদ্দিনকে হত্যার দায়িত্ব দেওয়া হয়; কিন্তু তাঁরা ব্যর্থ হন। তবে এই দলটি গত দুই বছরে অন্তত ১০টি সহিংস ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে তিনটি ঘটনায় খুন হন তিনজন।গত শনিবার উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিনের গাড়িতে বোমা হামলার সময় জনতা ও পুলিশের হাতে বন্দুকসহ আটক জনযুদ্ধের সক্রিয় সদস্য মো. আলম শেখ জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য দিয়েছেন।জানা যায়, ফুলতলা উপজেলার চেয়ারম্যান সরদার আলাউদ্দিন খুলনা বিভাগীয় ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষে শনিবার বিকেল সোয়া চারটার দিকে ব্যক্তিগত জিপে চড়ে বাড়ি ফেরার পথে বোমা হামলার শিকার হন। নগরের পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে এ হামলা চালানো হয়। ভাগ্যক্রমে এ হামলা থেকে তিনি ও তাঁর শিশুপুত্র সানিসহ আটজন প্রাণে রক্ষা পান। ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুকসহ আটক করা হয় আলম শেখকে। খানজাহান আলী থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে আলম ও অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে গতকাল একই থানায় বিস্ফোরক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছেন।মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক আবদুল হাই চরমপন্থী আলমকে এই দুটি মামলায় গ্রেপ্তার দেখান। গতকালই আলমকে খুলনার মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁকে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে শনিবার রাতে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আলম নিজেকে জনযুদ্ধের সদস্য ও আলাউদ্দিনের ওপর বোমা হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন।নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর ডিবি পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে আলম জানায়, আলাউদ্দিনকে হত্যার পরিকল্পনা করা হয় খুলনা কারাগারে বসে। সেখানে দীর্ঘমেয়াদি সাজা ভোগকারী জনযুদ্ধের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা আলাউদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নে তাঁরা সদ্য কারামুক্ত ও বিগত দিনে জনযুদ্ধের হয়ে কাজ করেছে—এমন কয়েকজনকে নিয়ে একটি দলও গঠন করে। ওই দলে ১০ থেকে ১২ জন ছিল। এই দলটি বিগত দিনে খুলনা, যশোর ও নড়াইল জেলায় বোমা ও অস্ত্র নিয়ে ১০টি হামলা চালিয়েছে। এর মধ্যে তিনটি হামলায় তিনজন খুন হয়। বেশির ভাগ হামলাই করা হয় চাঁদার টাকা না পেয়ে। এ ছাড়া মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বোমা হামলা করে মানুষ খুনও করেছে দলটি। ২৬ ফেব্রুয়ারি ফুলতলার দামোদর গ্রামের মাছ ব্যবসায়ী আজাদ গাজীকে বোমা মেরে হত্যার ঘটনায়ও নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে আলম। তিন লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে আজাদকে খুন করা হয়।মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মামুন খান প্রথম আলোকে বলেন, আলম শেখ কঠিন প্রকৃতির মানুষ। অনেক চেষ্টার পর আলম বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এসবের বেশ কিছু তথ্যের সত্যতাও পাওয়া গেছে। সে জানিয়েছে, তাদের দলের সদস্যরা বিভিন্ন সময় খুলনা জেলা কারাগারে বন্দী শীর্ষস্থানীয় কয়েকজন চরমপন্থী নেতার সঙ্গে নিয়মিত দেখা করে কথা বলতেন।কেন এই হামলা: পারিবারিক সূত্রে জানা যায়, আলাউদ্দিনের বাবা সরদার আবুল কাশেম তিনবার ফুলতলার দামোদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৮ সালের ১৮ আগস্ট তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তখন থেকে এখন পর্যন্ত আলাউদ্দিনের বড় ভাই আবু সাঈদ ওরফে বাদল ওই ইউপির চেয়ারম্যান। বাবাকে হত্যার মামলার বাদী হন আলাউদ্দিন। এই মামলার ২২ জন আসামির অধিকাংশই স্থানীয় ভূঁইয়া পরিবারের সদস্য। বিচারে একাধিক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়। এর পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা কারাগারে বসে নানাভাবে আলাউদ্দিনকে হত্যার হুমকি দিয়ে আসছে। এমনকি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তা সত্ত্বেও আলাউদ্দিন নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।গতকাল দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বিপুলসংখ্যক মানুষ আহত আলাউদ্দিনকে দেখতে ভিড় করছে। তাঁর নিরাপত্তার জন্য কক্ষের সামনে পুলিশের চারজন সদস্য রয়েছেন। আলাপকালে আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওই নির্বাচনের আগে আমাকে খুন করতে পারলে বড় ভাই দুর্বল হয়ে পড়বে এবং প্রতিপক্ষরা সহজেই তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে। এর ফলেও এ হামলা হাতে পারে।