আলাউদ্দীন আলীর শারীরিক অবস্থার উন্নতি
বরেণ্য সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিত্সক আশীষ চক্রবর্তীর তত্ত্বাবধানে আলাউদ্দীন আলীর চিকিত্সা চলছে। সব কিছু ঠিকঠাকভাবে চলতে থাকলে কাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বলে জানিয়েছেন তিনি। হাসপাতাল থেকে মুঠোফোনে আলাউদ্দিন আলী প্রথম আলো ডট কমকে বলেন, ‘গত কয়েক দিন ধরেই ডায়রিয়াজনিত সমস্যা ছিল। পাশাপাশি প্রচণ্ড জ্বরও অনুভব করছিলাম। প্রথমে ধারণা করেছিলাম প্রাথমিক চিকিত্সায় সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হলো। তবে আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় এখন নিজেকে অনেকটা সুস্থ অনুভব করছি।’ তিনি বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে কাজে ফিরে সবাইকে আবারও ভালো গান উপহার দিতে পারি।’আলাউদ্দীন আলী মজা করে বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পর টের পেলাম সবাই আমাকে কতটা ভালোবাসে। শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা ফোনের মাধ্যমে খোঁজ-খবর নিচ্ছেন। বলতে পারেন এতেই আমি অনেকটা সুস্থ বোধ করছি।’উল্লেখ্য, ২২ এপ্রিল রোববার নিজ বাসাতেই ডায়রিয়া ও জ্বরজনিত কারণে বেশ অসুস্থ হয়ে পড়েন আলাউদ্দীন আলী। অবস্থার অবনতি হলে সেদিনই তাঁকে রাজধানীর ইস্কাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।জাতীয় পুরস্কারজয়ী সংগীত পরিচালক আলাউদ্দীন আলী অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা। গত বছরের শেষে তিনি ‘একতারা’ নামের একটি অডিও প্রতিষ্ঠান চালু করেন তিনি।