আলাদা মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার চট্টগ্রাম আসছেন। লালদীঘির মাঠে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে তাঁর প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা। সমাবেশের আগে অথবা পরে খালেদা জিয়া চট্টগ্রামের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এ বৈঠকে দলের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি আলোচনা হতে পারে বলে জানা যায়।দলীয় সূত্র জানায়, কোন্দলের কারণে খালেদা জিয়ার মহাসমাবেশের প্রচার-প্রচারণাও আলাদাভাবে চালানো হচ্ছে। সমাবেশ সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও নগর কমিটির বর্তমান সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীরা আলাদাভাবে কাজ করছেন। বিভাগীয় সম্মেলনের জন্য নগর বিএনপির উদ্যোগে গত শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়। এতে নোমানের অনুসারী বলে পরিচিত নগর বিএনপির নেতা এম এ সবুর, নাজিমউদ্দিনসহ অন্যদের দেখা যায়নি।আবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিও আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে মহাসমাবেশের। গত সোমবার দলের দক্ষিণ জেলা কার্যালয় দোস্ত ভবনে আলাদা প্রস্তুতি সভা করে তারা। এ সময় এক পক্ষের নেতা-কর্মীরা সাতকানিয়ার ইউনিয়ন পর্যায়ের নেতা রমজানকে লাঞ্ছিত করেন।বিএনপির বিভাগীয় সম্মেলনের জন্য দু-তিনদিন ধরে মাইকযোগে প্রচারণা শুরু হয়েছে। একই সঙ্গে দেয়ালে শোভা পাচ্ছে দুই ধরনের রঙিন পোস্টার। মহাসমাবেশে আসার আমন্ত্রণ জানিয়ে একটি পোস্টারে সভাপতি হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম দেওয়া হয়। কেন্দ্র থেকে প্রচারিত বলে এই পোস্টারে উল্লেখ আছে। খসরুর সমর্থকদের এই পোস্টার লাগাতে দেখা গেছে।অন্য পোস্টারটি ছাড়া হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের নামে। এতে প্রয়াত জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দিয়ে মহাসমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এতে সভাপতির নাম দেওয়া হয়নি।এ ধরনের পোস্টার ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন নোমানের অনুসারী বলে পরিচিত নগর বিএনপির নেতা এ এম নাজিমউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘মহাসমাবেশের জন্য আমরা আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছি। প্রতিদিন দলের নাসিমন ভবনে প্রস্তুতি সভা করছি।’ আলাদা করে কেন প্রস্তুতি নিচ্ছেন জানতে চাইলে নাজিম বলেন, ‘খসরু সাহেবরা আমাদের ডাকছেন না। এ জন্য আমরা আলাদাভাবে প্রস্তুতি সভা করছি।’খসরু অনুসারী বলে পরিচিত ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এম এম সাইফুল আলম বলেন, ‘আমরা কেন্দ্রের নির্দেশে কাজ করছি। কেন্দ্র থেকে আমাদের পোস্টার করে দেওয়া হয়েছে।’ অন্য পক্ষের আলাদা প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, ‘কারা কী করছে, সেটা আমরা জানি না।’নোমান ও খসরুর সমর্থকদের মধ্যে কোন্দলের বিষয়টি প্রথম প্রকাশ্যে রূপ নেয় ১৬ নভেম্বর দলের চট্টগ্রাম মহানগরের সম্মেলনের দিন। এদিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলে দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ির কারণে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলন পণ্ড হয়ে যায়। এ ঘটনার প্রায় দুই মাস পর ৮ ডিসেম্বর কেন্দ্র থেকে কেবল সভাপতি হিসেবে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে শাহাদাত হোসেনের নাম ঘোষণা করা হয়। এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।