আলাদা হচ্ছেন হেইডি কাম-সিল!
‘প্রজেক্ট রানওয়ে’-খ্যাত হলিউডের তারকা হেইডি কাম এবং গ্র্যামি জয়ী ব্রিটিশ গায়ক সিল হেনরি স্যামুয়েল দম্পতির সাত বছরের সংসার ভাঙনের মুখে। অবশ্য হঠাত্ করেই আলাদা হয়ে যাওয়ার কারণ সম্পর্কে মুখ খুলছেন না কেউ।ঘর বেঁধেছিলেন তাঁরা ২০০৫ সালে। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু এখন আর দুজনের মধ্যে সে সম্পর্ক বজায় নেই। এ তথ্য ৪৮ বছর বয়সী সিল তাঁর মাইক্রোব্লগিং সাইট টুইটারেই দিয়েছেন। সিল টুইটে লিখেছেন, ‘দি এন্ড’।এদিকে সিলের টুইটের জবাবে হেইডি কামের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে শিগগিরই তিনি মুখ খুলতে পারেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করতে পারেন ৩৮ বছর বয়সী হেইডি।হেইডি-সিল দম্পতির তিন সন্তান রয়েছে। এর মধ্যে হেনরির বয়স ছয়, জোহানের পাঁচ এবং লোর দুই বছর। লেনি নামে হেইডির আগের পক্ষের সাত বছর বয়সী এক মেয়েও রয়েছে।