আলাদা হলো জোড়া লাগা যমজ বোন মণি ও মুক্তা
অবশেষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দেহের বিভিন্ন অংশে জোড়া লাগা ছয় মাস বয়সী দুই বোন মণি ও মুক্তাকে সফলভাবে আলাদা করতে সক্ষম হয়েছেন চিকিত্সকেরা। ঢাকা শিশু হাসপাতালে আজ সোমবার সকাল নয়টা ২০ মিনিটে থেকে বেলা ১২টা পর্যন্ত অস্ত্রোপচার করে তাদের আলাদা করা হয়। বর্তমানে তাদের অবস্থা ভালো। তাদের বিশেষ পর্যবেক্ষণ কক্ষে রাখা হয়েছে। হাসপাতালের পরিচালক ও শিশু সার্জারি বিভাগের প্রধান এ আর খানের নেতৃত্বে ২৫ জনের একটি বিশেষজ্ঞ চিকিত্সক দল অস্ত্রোপচারে অংশ নেন।অস্ত্রোপচার শেষে বের হয়ে এ আর খান সাংবাদিকদের বলেন, শিশু দুটির বুক থেকে নাভি পর্যন্ত জোড়া লাগানো ছিল। চামড়া, বুকের হাড় ও দুটি যকৃত একসঙ্গে লাগানো ছিল। এমনকি আন্ত্রিক নাড়িও পেঁচানো ছিল। ৪৮ ঘণ্টা পর তাদের অবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেওয়া যাবে। উল্লেখ্য, ‘শিশু মণি-মুক্তাকে আলাদা করা যাবে না?’ এ শিরোনামে ২২ জানুয়ারি প্রথম আলোতে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রতিক্রিয়ায় এ আর খান প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করে শিশু দুটি সম্পর্কে খোঁজ-খবর নেন এবং বিনা খরচে তাদের চিকিত্সার ব্যবস্থা করেন।বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের চাষি জয়প্রকাশ পাল ও তৃষ্ণা পালের কন্যা মণি ও মুক্তা। চিকিত্সকেরা অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব বলে জানালেও, টাকার অভাবে জয়প্রকাশ ও তৃষ্ণা পাল তাঁদের অস্ত্রোপচারের ব্যবস্থা করতে পারেননি।শিশু দুটির নানা দেবেন্দ্র নাথ পাল জানান, গত বছরের ২২ আগস্ট পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে সিজারিয়ান সেকশন অস্ত্রোপচারের মাধ্যমে মণি ও মুক্তা জন্ম নেয়। স্থানীয় চিকিত্সকেরা ঢাকায় নিয়ে গিয়ে যমজ বোন দুটিকে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথক করার পরামর্শ দেন। এরপর ৯ নভেম্বর রংপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ঢাকা থেকে আসা সুকুমার চক্রবর্তী নামের একজন শিশুবিশেষজ্ঞকে দেখানো হলে, তিনি মণি ও মুক্তাকে আলাদা করতে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, অস্ত্রোপচার করে শিশু দুটিকে আলাদা করতে খরচ পড়বে প্রায় এক লাখ টাকা। কিন্তু ওই দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি।তৃষ্ণা পাল জানান, এমনিতে শিশুদের কোনো সমস্যা নেই। তবে কেউ তাদের কোলে নিতে পারে না।