আলাপচারিতার কায়দাকানুন
ভাব প্রকাশের বাহন ভাষা। ক্ষেত্র ও পাত্র অনুযায়ী ভাষার প্রকাশ বদলে যায়। বদলে যায় কায়দাকানুন। পেশাগত ক্ষেত্রে আলাপ-আলোচনায় কায়দাকানুনও সব জায়গায় এক নয়। অফিস-আদালত, শিল্পপ্রতিষ্ঠা কি ব্যবসায়ী পরিমণ্ডলে আলাপচারিতার নিয়মশৃঙ্খলা নিয়ে নিচে আলোচনা করা হলো— অফিসের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলুন নম্র ও ভদ্র ভাষায়। আর অধীনস্থ ব্যক্তিদের সঙ্গেও শালীনতা বজায় রেখে যেকোনো বিষয়েই অভিব্যক্তি প্রকাশ করা যায়। রেগে গেলে বা বিরক্ত হলে তা প্রকাশ করবেন না। মার্জিত ও রুচিশীল কথার প্রকাশ আপনার ব্যক্তিত্বের বিজ্ঞাপন। কর্মস্থলে নিজের ভাবমূর্তি গড়ে তুলতে নিজের ঠোঁট ও কণ্ঠে শোভন আলাপনে ভাব প্রকাশ করুন। সভায় বা বড়কর্তাদের সামনে দায়িত্বপূর্ণ কথা বলুন। ভেবেচিন্তে জ্ঞান ও প্রজ্ঞার ব্যবহার করে আপনার মতামত প্রকাশ করুন। সভাগুলোয় আপনার অর্থপূর্ণ ভাষা, বক্তব্য বা মত সবার কাছে যাতে গ্রহণযোগ্য হয়ে ওঠে সেদিকে লক্ষ রাখুন। আপনার গ্রাহক, মক্কেল বা সেবা গ্রহণকারীরা যাতে সব সময়ই আপনাকে মিষ্টভাষী ও সদালাপী হিসেবে চেনে-জানে সে বিষয়ে যত্নবান হোন। টেলিফোন বা মোবাইল ফোনে কথা বলার সময় নিজের ভাবগাম্ভীর্য প্রকাশে সচেতন থাকুন। পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় বড়, ছোট ও শ্রেণী মেনে যথাযথভাবে ভদ্রতা প্রকাশ করে নিজের কথাকে উপস্থাপন করুন। চিঠি, আবেদনপত্র, প্রাতিষ্ঠানিক কাগজপত্রে আপনার বক্তব্য লেখার সময় নমনীয় ও মার্জিত ভাব প্রকাশ করতে ভুলবেন না। আপনার আলাপচারিতার সব মাধ্যমেই নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলুন। দাপ্তরিক সব ধরনের চিঠি বা ই-মেইলের ক্ষেত্রে আপনার পেশাদারি মনোভাব ও বিনয়কে তুলে ধরুন সাবলীলভাবে। মার্জিত কথা ও শোভন ভাষা আপনাকে আরও বেশি পেশাদার হতে শেখাবে। পরিমিত ভাষায় ও সংক্ষিপ্তভাবে আলাপ-আলোচনায় অংশ নিন। যতটা বলবেন ততটাই যাতে গুরুত্বপূর্ণ হয়। অপ্রাসঙ্গিক বা আবোলতাবোল আলোচনা শুধু সময়ই নষ্ট করে না, সহকর্মীদের কাছে আপনার গুরুত্বকেও কমিয়ে দেয়। সব সময় ইতিবাচকভাবে আপনার ভাষাকে প্রকাশ করুন। কাজের সময় মনোযোগী শ্রোতা হিসেবে নিজেকে প্রকাশ করুন। অন্যের কথায় ভালো শ্রোতা হলে আপনিও ভালো বক্তা হতে পারবেন। শুদ্ধ, মার্জিত ও পরিশীলিত ভাষায় কথা বলবেন। অযথা একাধিক ভাষা মিলিয়ে অতিরিক্ত স্মার্টনেস প্রকাশ করতে গিয়ে ভুল ও অশুদ্ধ উচ্চারণ করবেন না। এতে আপনি নিজেই তামাশার খোরাক হয়ে যেতে পারেন।বক্তব্য বা কথন প্রকাশে বাংলা ভাষা ব্যবহার করতে চাইলে পুরোটাই বাংলায় বলুন। অন্য ভাষায় বলতে চাইলে সেই ভাষায় শুদ্ধভাবে ভাব প্রকাশ করবেন। আপনার ব্যক্তিত্ব নির্মাণের কারিগর তো আপনি নিজেই! গ্রন্থণা: রাশেদ শাওন