আলামত নষ্টকারীদের বিচার হবে
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জাতীয় চার নেতা হত্যা মামলা যারা বিলম্বিত ও আলামত নষ্ট করেছে, আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে। আজ শনিবার জাতীয় চার নেতা হত্যা দিবস উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক মিলাদ অনুষ্ঠান শেষে মতিয়া চৌধুরী এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, পশুসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকাল সাড়ে নয়টার দিকে এই চার মন্ত্রী ও প্রতিমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। প্রথমে তাঁরা কারাগারে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন। পরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর চার নেতার স্মরণে নির্মিত স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তাঁরা। জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে সেখানে মিলাদ অনুষ্ঠিত হয়। সেখান থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীয় চার নেতা স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁদের হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।’ এই হত্যা মামলা এখন আপিল বিভাগে রয়েছে। সেখানে এ হত্যার ন্যায়বিচার সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে ঘটনার দীর্ঘ ২১ বছর পর বিচারপ্রক্রিয়া শুরু হয়। নানা পর্যায় পার হয়ে এখন মামলাটি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি পর্যায়ে আছে।