আলামত সংগ্রহে থানা পুলিশের ত্রুটি ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনাস্থলের আলামত সংগ্রহে যথাযথ পদক্ষেপ নেয়নি শেরেবাংলা নগর থানার পুলিশ। আলোচিত এই হত্যাকাণ্ডের সুরতহাল তৈরির ক্ষেত্রেও রয়েছে গরমিল। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সাগর-রুনির ছেলে মাহির সরওয়ার মেঘ এবং রুনির মা নুরুন্নাহার মির্জার জবানবন্দি লিপিবদ্ধ (রেকর্ড) করা জরুরি হলেও তা করা হয়নি। এমনকি তাঁদের শয়নকক্ষটি দ্রুততার সঙ্গে সিলগালাও করেনি পুলিশ।সাগর-রুনি হত্যার পর আলামত সংগ্রহে শেরেবাংলা নগর থানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা উদ্ঘাটনে গঠিত কমিটির প্রতিবেদনে এসব অভিযোগ করা হয়। উচ্চ আদালতের নির্দেশে এই কমিটি গঠন করা হয়। আলামত সংগ্রহে গাফিলতির ব্যাপারে হাইকোর্টে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছিলেন। ৩০ কার্যদিবস তদন্ত করার পর গতকাল মঙ্গলবার কমিটির প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হয়।প্রতিবেদনে আরও বলা হয়, সাগর-রুনি নিহত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সাংবাদিকেরা সেখানে পৌঁছে যান। তাঁরা সাগর-রুনির ফ্ল্যাটে ঢুকে মৃতদেহের ছবি তোলেন। এতে ঘটনার আলামত ও অপরাধ শনাক্তকরণ চিহ্ন বিনষ্ট হয়ে যায়।তদন্ত প্রতিবেদনে থানা পুলিশের ত্রুটির বিষয়ে গতকাল রাতে পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশ যাওয়ার আগেই গণমাধ্যমকর্মীরা সেখানে গিয়ে আলামত নষ্ট করেছে। তার পরও পুলিশ সাধ্যমতো চেষ্টা করেছে।’গত ১১ ফেব্রুয়ারি ভোরে পূর্ব রাজাবাজারের ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সাংবাদিক মেহেরুন রুনির লাশ উদ্ধার করা হয়। প্রথমে শেরেবাংলা নগর থানার পুলিশ মামলাটি তদন্ত করে। এরপর তদন্তভার গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে র্যাব মামলাটি তদন্ত করছে।তবে শুরু থেকেই এই মামলার তদন্ত নিয়ে নানা ধরনের অভিযোগ ওঠে। এই হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের আলামত সংগ্রহে শেরেবাংলা নগর থানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে গত ১৮ এপ্রিল হাইকোর্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন ও পরিকল্পনা) শওকত মোস্তফাকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।থানার ত্রুটি-বিচ্যুতি: তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, সাগর-রুনির সন্তান মাহির সরওয়ার মেঘ ও রুনির মা নুরুন্নাহার মির্জা এই হত্যাকাণ্ড ঘটনার প্রধান সাক্ষী। ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারা অনুসারে ২৪ ঘণ্টার মধ্যে তাদের জবানবন্দি রেকর্ড করা জরুরি ছিল। কিন্তু তা করা হয়নি। তদন্ত কমিটি সাক্ষীদের জবানবন্দির সঙ্গে জব্দ করা আলামতেরও মিল খুঁজে পায়নি। এতে আরও বলা হয়, সুরতহাল প্রতিবেদন তৈরির ক্ষেত্রে থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ও আবু জাফর মো. মাহফুজুল কবীরের অদক্ষতার প্রমাণ মিলেছে। কারণ, সুরতহাল প্রতিবেদনের স্থান, তারিখ ও সময় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন ছিল। দুটি সুরতহাল প্রতিবেদনে একই ভুল করা হয়েছে। দুজন এসআই একই ভুল করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।কমিটির কাছে দেওয়া জবানবন্দিতে তেজগাঁও অঞ্চলের উপপুলিশ কমিশনার ইমাম হোসেন বলেছেন, সিআইডির অপরাধস্থল পরিদর্শনকারী দল ঘটনার দিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার পরে ঘটনাস্থলে আসে। তারা ফরেনসিক আলামত সংগ্রহ (ক্রাইমসিন প্রস্তুত) করে।প্রতিবেদনে বলা হয়, এসআই কামাল হোসেনের তৈরি করা সুরতহাল প্রতিবেদনে সাগর সরওয়ারের লাশ কে শনাক্ত করল, তা উল্লেখ করা হয়নি। লাশের শনাক্ত ছাড়া সুরতহাল প্রতিবেদন ত্রুটিপূর্ণ। এসআই কামাল হোসেন কীভাবে মৃত সাগর সরওয়ারকে শনাক্ত করলেন, তা বলা হয়নি। দুই সাংবাদিকের মৃতদেহ শয়নকক্ষের কোথায় কী অবস্থায় ছিল, তারও সুনির্দিষ্ট বিবরণ নেই।জব্দ তালিকায় আলামত জব্দের স্থান শুধু শয়নকক্ষ বলে উল্লেখ করা হয়েছে। এসব সামগ্রী শয়নকক্ষের মেঝে বা খাটের ওপরে বা নিচে, নাকি টেবিল বা আলমারির নিচ থেকে অর্থাৎ শয়নকক্ষের কোন জায়গা থেকে জব্দ করা হয়েছে, তা সুনির্দিষ্ট করে বর্ণনা করার দরকার ছিল।প্রতিবেদনে বলা হয়, তদন্ত কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শনের পরপরই শয়নকক্ষটি সিলগালা করা জরুরি ছিল। কারণ, শয়নকক্ষে অনেক আলামত রয়েছে, যা পরবর্তী সময়ে তদন্তের জন্য প্রয়োজন হতে পারে। সিলগালা না করায় গত ১৪ ফেব্রুয়ারি এজাহারকারী মালামাল খোয়া যাওয়ার বিষয়ে যে আবেদন করেছেন, তা থেকে মনে হয়েছে যে আলামত নষ্ট করার সুযোগ তদন্তকারী কর্মকর্তা করে দিয়েছেন। ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া যথার্থ হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।এতে আরও বলা হয়, তদন্তকারী কর্মকর্তার কাছে গত ১৪ ফেব্রুয়ারি এজাহারকারী সাগর-রুনির কক্ষের মালামাল খোয়া যাওয়ার কথা উল্লেখ করেছেন। কিন্তু তদন্তকারী কর্মকর্তা এর পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নিয়েছেন, তা পাওয়া যায়নি। অথচ এই আবেদনের গুরুত্ব হলো, এজাহারকারী হত্যার কারণ ডাকাতি হিসেবে ইঙ্গিত দিয়েছেন।প্রতিবেদনে বলা হয়, মাহির সরওয়ার মেঘ সকাল সাতটা ৪০ মিনিট পর্যন্ত কোথায় ও কার কাছে ছিল, তা পাওয়া যায়নি। এজাহারকারী বিষয়টি সুস্পষ্ট করেননি যে এই সময়ে মেঘ ঘটনাস্থল থেকে তার নানিকে ফোন করেছিল। এসব তথ্য জানতে এজাহারকারী নওশের আলম, তাঁর মা এবং ভাই নওয়াজিশ আলমকে জিজ্ঞাসা করা দরকার ছিল, অথচ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়নি।সুরতহালের সময় যাঁরা উপস্থিত ছিলেন, সুরতহাল প্রতিবেদনে ও জব্দ তালিকায় তাঁদের সাক্ষী না করায় পুলিশের কর্মকর্তাদের অদূরদর্শিতার প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা তদন্ত কমিটির কাছে দেওয়া জবানবন্দিতে বলেন, তিনি ঘটনাস্থলের নিচের ফ্ল্যাটের ও পাশাপাশি ফ্ল্যাটের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেছেন। নিচের ফ্ল্যাটের একজন তাঁকে বলেছেন যে ঘটনার সময় তিনি শব্দ শুনেছেন। এ ছাড়া তিনি অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন, রুনির মুঠোফোন তালিকার খোঁজ করেন, মাছরাঙা টেলিভিশন ও এটিএন বাংলার কার্যালয়ে গিয়ে তাঁদের সহকর্মীদের সঙ্গে কথা বলেন। এই পদক্ষেপগুলো মামলার তদন্ত কর্মকর্তার মাধ্যমে হওয়া জরুরি ছিল। কিন্তু এসব পদক্ষেপ তদন্ত কর্মকর্তার মাধ্যমে মামলার নথিতে প্রতিফলিত হয়নি। প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন সকাল সাড়ে আটটায় ঢাকা মহানগরের তেজগাঁও বিভাগের উপকমিশনার ঘটনাস্থলে উপস্থিত হন। এর আগে সেখানে স্থানীয় পুলিশের ভ্রাম্যমাণ দল পৌঁছায়। সিআইডি আসে সাড়ে ১০টায়। সিআইডি কর্মকর্তাদের কাজ শেষ করার পর সুরতহালের ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে সুরতহাল প্রতিবেদন দ্রুততার সঙ্গে প্রস্তুত হয়নি।কমিটির সার্বিক মন্তব্য: তদন্ত প্রতিবেদনে বলা হয়, সাগর-রুনি হত্যার সংবাদ সংশ্লিষ্ট থানা বা পুলিশ কর্তৃপক্ষকে প্রথমে জানানো আইনত যুক্তিযুক্ত ছিল। কিন্তু তা না করে মামলার বাদী নিজে সাংবাদিক হওয়ায় ঘটনাস্থলে অন্য সাংবাদিকদের নিয়ে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সাংবাদিকেরা ফ্ল্যাটের কামরায় প্রবেশ করেন এবং মৃতদেহের ছবি তোলেন। এসব কারণে ঘটনার আলামত ও অপরাধ শনাক্তকরণ স্থান বিনষ্ট হয়। তার পরও মামলাটি তদন্তে শেরেবাংলা নগর থানা কর্তৃপক্ষের কিছু ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলেও কোনো ধরনের গাফিলতি খুঁজে পাওয়া যায়নি বলে কমিটির প্রতিবেদনে বলা হয়েছে।