আলালসহ ২২ জন দুই দিনের রিমান্ডে
দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ২২ জনকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার পল্টন থানা পুলিশ তাঁদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মো. আদনান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আজ দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন ও মালিবাগে পুলিশের সঙ্গে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় গত রাতেই পল্টন ও রমনা থানায় তিনটি মামলা হয়েছে।এর মধ্যে পল্টন থানায় করা দুটি মামলায় মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।গতকাল রাতে দায়ের করা এ তিন মামলায় প্রায় সাড়ে ৭০০ জনকে আসামি করা হয়েছে।