আলাস্কার সাবেক গভর্নর সারাহ পেলিন ফক্স নিউজে যোগ দিলেন
আলাস্কার সাবেক গভর্নর সারাহ পেলিন ফক্স নিউজ চ্যানেলে নিয়মিত প্রদায়ক হিসেবে যোগ দিয়েছেন। সারাহ পেলিনের আইনজীবী বিবিসিকে এ তথ্য জানান। তবে এর জন্য চ্যানেলটি পেলিনকে কী পরিমাণ অর্থ দেবে তা প্রকাশ করা হয়নি। ফক্স নিউজের বরাত দিয়ে বিবিসি জানায়, যখন পেলিনের নিজস্ব কোনো কর্মব্যস্ততা থাকবে না, তখন তিনি চ্যানেলের জন্য কাজ করবেন। সারাহ পেলিন একটি বিজ্ঞপ্তিতে জানান, ফক্স নিউজের অত্যন্ত মেধাবী ও সুদক্ষ দলটির সঙ্গে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত।চ্যানেলটির প্রোগ্রামিংয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট বিল শাইন বলেন, সারাহ পেলিন মার্কিন রাজনীতির উভয় ধারার প্রতিটি অনুসারীকে মুগ্ধ করে রেখেছিলেন। ফক্স নিউজের নানা অনুষ্ঠানে তাঁর প্রাণবন্ত অংশগ্রহণ নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।২০০৮ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইন সারাহ পেলিনকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করার পর থেকেই খ্যাতিমানদের কাতারে চলে আসেন তিনি।মেয়াদ শেষ হওয়ার ১৭ মাস আগেই তাঁর গভর্নর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল তিনি হয়তো টেলিভিশনে তাঁর ক্যারিয়ার গড়ে তোলার পরিকল্পনা করছেন।তবে সারাহর জন্য টেলিভিশনে কাজ করা এবারই প্রথম নয়, তিনি ১৯৮০ সালে আলাস্কার অ্যানকোরেজে কেটিইউইউতে স্পোর্টস প্রেজেন্টার হিসেবে খণ্ডকালীন কাজ করতেন।