আলিশাপুরে সুখের পায়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা। কিংবদন্তি বিপ্লবী ইলা মিত্রের নেতৃত্বে তেভাগা আন্দোলনের গৌরবময় ইতিহাস ছাড়াও বরেন্দ্র ভূমি হিসেবে পরিচিতি রয়েছে এলাকাটির। স্থানীয় একটি গ্রামের নাম আলিশাপুর। রুক্ষ-কঠিন সেখানকার মাটি। স্থানীয় লোকজনের জীবন-জীবিকার সংগ্রামেও রয়েছে সেই রুক্ষতার ছোঁয়া। তবে আলিশাপুরের কৃষকেরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নিজেদের ভাগ্যের উন্নতি করেছেন।আলিশাপুর এখন: আলিশাপুরবাসী ঋণের জন্য এখন মহাজনের কাছে ধরনা দেন না। প্রায় ৬০০ বাসিন্দার গ্রামটিতে বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত হয়েছে। স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন করা হয়েছে বাড়িতে বাড়িতে। স্থানীয় ২৪টি পরিবার ১০ বছর আগেও ভূমিহীন ছিল। এর মধ্যে ২০টি পরিবারের এখন স্থায়ী ঠিকানা হয়েছে নিজস্ব বসতভিটায়। বাড়িতে বাড়িতে গরু, ছাগল, ভেড়া, মহিষ ও হাঁস-মুরগি পালন করা হচ্ছে। চাষিদের হাতে এখন রয়েছে পাওয়ার টিলার, পাওয়ার পাম্প, শস্য মাড়াইয়ের কল ও স্প্রে মেশিনের মতো কৃষিপ্রযুক্তি। নিজস্ব মোটরসাইকেল ও বাইসাইকেল রয়েছে অনেকেরই। অথচ এসবই তাঁদের কাছে একদিন ছিল স্বপ্নের মতো।নেপথ্যে যাঁরা: আলিশাপুরের বদলে যাওয়ার পেছনে নাচোল উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের অবদান এলাকাবাসী কৃতজ্ঞতাভরে স্বীকার করেন। তিনি চাষাবাদের আধুনিক ও লাগসই পদ্ধতি হাতে-কলমে কৃষকদের শিখিয়েছেন। তাঁর পরামর্শে কৃষকেরা ধান, গম, ভুট্টা, আলু প্রভৃতি শস্যের আবাদ করে লাভবান হয়েছেন। তিনি নিয়মিত বৈঠক করে কৃষকদের উজ্জীবিত করতেন। আলিশাপুরের সাফল্যকে নিজের কর্মজীবনের শ্রেষ্ঠ অর্জন বলে মন্তব্য করেন আবুল কালাম আজাদ। তাঁর পরামর্শে কৃষকেরা এখন বাড়ি বাড়ি জৈবসার উৎপাদন শুরু করেছেন। আলিশাপুর গ্রাম উন্নয়ন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সামাদ, বর্তমান সাধারণ সম্পাদক আবদুর রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক রজনী মল্লিক ও শ্রীকৃষ্ণ রায়, নারী সদস্য মেরিনা খাতুন এবং মাঠকর্মী আবুল ফজলের অবদানের কথাও উল্লেখ করেন বর্তমান সভাপতি সৈবুর রহমান। তাঁদের সমন্বিত প্রচেষ্টার ফলেই আলিশাপুরের আজকের এই পরিবর্তন।শুরুর কথা: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আলিশাপুরসহ দেশের ২১ জেলার ২১টি পৃথক গ্রামে খাদ্যনিরাপত্তার জন্য ২০০২ সালের জুনে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করে। আলিশাপুরে প্রথমে জরিপের ভিত্তিতে গ্রামবাসীকে ভূমিহীন, বসতবাড়িসম্পন্ন, প্রান্তিক চাষি ও ক্ষুদ্র চাষি হিসেবে চারটি দলে ভাগ করা হয়। প্রতিটি দলে ২৫ জন করে সদস্য। প্রতিটি দল থেকে পাঁচ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। এ ছাড়া চারটি দল থেকে ১৩ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করে নাম দেওয়া হয় আলিশাপুর গ্রাম উন্নয়ন সংগঠন। সংগঠনের সদস্যদের সঞ্চয়বিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি হাঁস-মুরগি, কবুতর, ভেড়া, ছাগল, খরগোশ ও গাভি পালন, গরু মোটাতাজাকরণ, কমপোস্ট সার তৈরি, নার্সারির ওপর প্রশিক্ষণ এবং পরবর্তীকালে চারটি দলের ৫০ জনকে স্বল্প সুদে ঋণ দেওয়া হয়। তাঁরা সবাই কৃষি উৎপাদনে সাফল্যের মাধ্যমে সেই ঋণ সময়মতো পরিশোধে সমর্থ হন। এরপর সংগঠনটিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।সংগঠনের অগ্রযাত্রা: ২০০৫ সালে খাদ্যনিরাপত্তা কর্মসূচি প্রকল্প থেকে সংগঠনটি দুই লাখ ১২ হাজার ২৩৮ টাকা অনুদান পায়। সেই অর্থ ব্যবহার করে গ্রামবাসী ওই বছর শতভাগ সফল হন। পরের বছর তাঁদের হাতে দেওয়া হয় আরও পাঁচ লাখ সাত হাজার ৪৫২ টাকা। ২০০৭ সালে দেওয়া হয় ৯৫ হাজার টাকা। সব মিলিয়ে আট লাখ ১৪ হাজার ৬৯০ টাকা পাওয়া যায় প্রকল্প থেকে। অন্যদিকে ২০০৭ সাল পর্যন্ত সংগঠনের নিজস্ব সঞ্চয় দাঁড়ায় চার লাখ ২৬ হাজার ৩২০ টাকা। প্রকল্প ও সংগঠনের টাকা মিলিয়ে মোট পুঁজি ১৫ লাখ ৬৬ হাজার ৭৩০ টাকা। ২০০৭ সালেই সংগঠনের একটি গঠনতন্ত্র তৈরি করে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধন করা হয়। সরেজমিন: গ্রামে প্রবেশের পর অল্প কিছু দূরে রাস্তার পাশেই চোখে পড়ে আলিশাপুর গ্রাম উন্নয়ন সংগঠন কার্যালয়ের পাকা ঘরটি। গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি সৈবুর রহমান বলেন, ‘সংগঠনের অন্তর্ভুক্ত ৯৫টি পরিবারের মধ্যে ২৪টি পরিবার হচ্ছে সাঁওতাল, রাই, মল্লিক ও বর্মণ। বাকিরা বাঙালি মুসলমান। আমরা সবাই এখন মিলেমিশে বসবাস করছি। এফএও থেকে পুঁজি পেয়েছি এটা ঠিক। তবে এ উন্নয়নের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে স্বচ্ছতা ও গণতন্ত্র, সঠিক প্রশিক্ষণ এবং পুঁজির সঠিক ব্যবহার। সদস্যদের কাছ থেকে আমরা শতভাগ ঋণ ফেরত পেয়েছি। এখন অনেককে ঋণ না দিলেও চলবে। কিন্তু আমরা আরও উন্নতি করতে, যৌথভাবে আরও বড় প্রকল্প গ্রহণ করতে চাই।’বসতভিটাহীন ছিলেন সাইরুল ইসলাম। এখন পৌনে সাত কাঠা জমির ওপর বাড়ি করেছেন। তাঁর ভাষায়, ‘মৌসুম শেষে মহাজন দেখলেই গায়ের রক্ত যেন শুকিয়ে যেত। ঋণের টাকা শোধ করতে বাড়ি থেকে সব ধানই দিয়ে দিতে বাধ্য হতাম। গ্রামের বেশির ভাগ লোককে এমন অবস্থায় পড়তে হয়েছে। অথচ এখন গ্রামে মহাজনের টিকিটিরও দেখা মেলে না। নেই ক্ষুদ্রঋণ প্রদানকারী কোনো এনজিওর অস্তিত্বও। সবকিছুই সম্ভব হয়েছে গ্রাম উন্নয়ন সংগঠনের সুবাদে।’মোস্তারি বেগম ছয় কাঠা জমির ওপর বাড়ি করেছেন। মাটির দেওয়ালের ওপর টিনের ছাউনি দেওয়া তিনটি ঘর। ঘরভর্তি গরু-ছাগল। বাড়ির আঙিনায় কবুতর পালন করেন। তিনি বলেন, সংসারের সুখেই পায়রা ধরা দিয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ শাখার বর্তমান উপপরিচালক আবুল কালাম আজাদ নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা থাকাকালে আলিশাপুর গ্রাম উন্নয়ন সংগঠনের কার্যক্রম শুরু হয়। তাঁর মতে, দেশের মোট ২১টি গ্রামে এ ধরনের কার্যক্রম চালু করার পর এখন পর্যন্ত আলিশাপুরের অর্জনই সেরা। একটি সংগঠনে দৃঢ় ঐক্য, স্বচ্ছতা, নিষ্ঠা ও গণতন্ত্র থাকলে লক্ষ্যে পৌঁছানো যায়, আলিশাপুরবাসী তা শতভাগ প্রমাণ করেছেন।