বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৩তম সাক্ষী মোহাম্মাদ আবদুল হাই। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে আলীম ও পাকিস্তানি মেজর আফজাল চক্রান্ত করে তাঁর বড় ভাইসহ তিনজনকে জয়পুরহাটের খঞ্জনপুরে নিয়ে নির্যাতনের পরে হত্যা করেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুল হাইয়ের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে আবদুল হাই বলেন, তাঁর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায়। একাত্তরে জামায়াতে ইসলামীর নেতা আব্বাস আলী খান ও অন্যদের নিয়ে আলীম জয়পুরহাটে শান্তি কমিটি গঠন করে এর চেয়ারম্যান হন। আলীম স্থানীয় বিহারি, মাদ্রাসার ছাত্র ও স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজাকার বাহিনী গঠন করেন। জয়পুরহাটে তখন সামরিক বাহিনীর পরেই বেসামরিক প্রধান হিসেবে তিনি আবির্ভূত হন। তাঁর নির্দেশে ও পরামর্শে পাকিস্তানি সেনা, রাজাকার ও শান্তি কমিটির লোকেরা বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করে।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, তিনি ও তাঁর দুই ভাই ফজুলল করিম ও আবদুর রাজ্জাক মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়লে একদিন আলীম তাঁদের বাবাকে আক্কেলপুরে শান্তি কমিটির কার্যালয় মোহনলাল আগরওয়ালের গদিঘরে ডেকে পাঠান। বাবা সেখানে গেলে আলীম তাঁকে তিন ছেলেকে মুক্তিযুদ্ধ থেকে বিরত রাখার নির্দেশ দেন। ছেলেদের ফিরিয়ে না আনলে তাঁকে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেওয়ারও হুমকি দেন। তাঁর কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। জানমাল বাঁচাতে সেপ্টেম্বরের মাঝামাঝি তাঁর বাবা শান্তি কমিটির কার্যালয়ে আলীমকে ১৫ হাজার টাকা দেন।আবদুল হাই বলেন, ৭ অক্টোবর বিকেলে তিনি পাহাড়পুরে গিয়ে শোনেন, তাঁর বড় ভাই ফজলুল করিমসহ তিনজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ভাইয়ের খোঁজে তিনি পরদিন জয়পুরহাট শহরে গেলে বেলা ১১-১২টার দিকে সদর রাস্তা দিয়ে একটি ট্রাকে পাকিস্তানি সেনাদের যেতে দেখেন। ট্রাকটিতে তাঁর ভাইসহ ওই তিনজনকেও দেখেন। ট্রাকটি সিও কার্যালয়ের সামনে থামলে ট্রাকে থাকা মাইকে আলীম স্বাধীনতাবিরোধী বক্তব্য দেন। তাঁর নির্দেশমতো ফজলু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা না বলায় সেখানেই তাঁকে নির্যাতন করা হয়। পরে পাকিস্তানি মেজর আফজাল ও আলীম চক্রান্ত করে তাঁর ভাই ও অন্য দুজনকে খঞ্জনপুরে কুঠিবাড়িতে নিয়ে নির্যাতন করে হত্যা করেন।রাষ্ট্রপক্ষের সাক্ষী আরও বলেন, একাত্তরে একদিন তিনি জয়পুরহাট রেলস্টেশনে হাত বাঁধা ২৬ জন যুবকের সঙ্গে মেজর আফজাল ও আলীমকে একজন চিত্রগ্রাহককে দিয়ে ছবি তোলাতে দেখেন। ছবি তোলা শেষে ওই ২৬ জনকে ট্রাকে করে জয়পুরহাট কলেজের পাশে নির্জন স্থানে নেওয়া হয়। ট্রাকের পেছনে পেছনে আলীম ও মেজর আফজাল যান। পরে কলেজের পাশে বেশ কিছুক্ষণ গোলাগুলির শব্দ শুনে তিনি ও অন্যরা ধারণা করেন, ওই ২৬ জনকে হত্যা করা হয়েছে। স্বাধীনতার পর তিনি ওই ছবিটি আবুল হোসেন নামের একজনের কাছে পান। আবুল হোসেন তাঁকে বলেন, ছবিটি তিনি পেয়েছেন আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিনের কাছে।জবানবন্দির শেষ পর্যায়ে আবদুল হাই ট্রাইব্যুনালে থাকা আলীমকে শনাক্ত করেন। জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম ১২ জুন পর্যন্ত মুলতবি করা হয়।