মানবতাবিরোধী অপরাধের বিচার: জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী সোবাহান
আলীম পাকিস্তানি সেনাদের সহায়তা করার নির্দেশ দেন
বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী আবদুস সোবাহান সরদার। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে আলীম সোলেমান কবিরাজের মিলঘরে দেওয়া বক্তৃতায় পাকিস্তানি সেনাদের সহায়তা করতে উপস্থিত লোকজনকে নির্দেশ দেন।গতকাল রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী এ কে এম মাহবুবর রহমানকে আসামিপক্ষের জেরা শেষে সোবাহান জবানবন্দি দেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২-এ তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত ও মোকলেছুর রহমান। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে আবদুস সোবাহান বলেন, তাঁর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরের আমট্র গ্রামে। একাত্তরের মে মাসের প্রথম সপ্তাহে কিছু লোক ভারতে যাওয়ার পথে পাকিস্তানি সেনা ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ওই লোকেরা ভাদসা ইউনিয়নে রাজাকার সৈয়দ আলীর বাড়িতে আশ্রয় নেন। বিষয়টি রাতে সৈয়দ আলী পাকিস্তানি সেনাদের জানালে সেনারা ওই বাড়ি থেকে সমির উদ্দিন মণ্ডল, আবদুর রহমান মেম্বার ও আবুল হোসেন মাঝিকে নিয়ে যায়।এ সময় ট্রাইব্যুনাল সাক্ষীর কাছে জানতে চান, ঘটনাটি কি তিনি দেখেছেন? জবাবে সাক্ষী বলেন, তিনি দেখেননি, শুনেছেন।পরে রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, পাকিস্তানি সেনারা যাঁদের ধরে নিয়ে যায়, তাঁরা বাদে অন্যদের সৈয়দ আলী আক্কেলপুর শান্তি কমিটির কার্যালয়ে পৌঁছে দেন। পরে আটক ব্যক্তিদের সেখান থেকে নিয়ে আক্কেলপুর রেলস্টেশনের বিশ্রামকক্ষে আটকে রাখা হয়। তাঁদের পাহারায় থাকা বন্দুকধারী রাজাকাররা তাঁদের বলেছিল, আলীমের সঙ্গে কথা বলে তাঁদের ছেড়ে দেওয়া হবে। তিন দিন পর একটি ট্রেনে আসা পাকিস্তানি সেনাদের কাছে ওই ব্যক্তিদের তুলে দেয় রাজাকাররা। ওই দিন তিনি জানতে পারেন, বাকজানা স্টেশনের কাছে একটি পুকুর পাড়ে ওই ব্যক্তিদের গুলি করা হয়। তাঁদের মধ্যে মোফাজ্জল নামের একজন গুলিবিদ্ধ হয়ে বেঁচে গেলেও অন্যরা মারা যান।জবানবন্দিতে আবদুস সোবাহান আরও বলেন, একাত্তরের মে মাসের মাঝামাঝি আক্কেলপুরের সোলেমান কবিরাজের মিলঘরে আলীম একটি সভা করেন। ওই সভায় দেওয়া বক্তৃতায় তিনি পাকিস্তানি সেনাদের সহায়তা করতে উপস্থিত লোকদের নির্দেশ দিয়ে বলেন, ‘এটা পাকিস্তান, এখানে ভারতের দালালি চলবে না। মুক্তিবাহিনীদের ধরিয়ে দিন। আপনারা পাকিস্তানি সেনাদের সহায়তা করুন।’জবানবন্দি শেষে আবদুস সোবাহানকে আসামিপক্ষের জেরার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।মাহবুবর রহমানকে জেরা শেষ: সোবাহান জবানবন্দি দেওয়ার আগে এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী এ কে এম মাহবুবর রহমানকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরার শেষ পর্যায়ে তিনি মত (সাজেশন) দেন, সাক্ষী মাহবুব মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, এটি সত্য নয়।