আলীম হিন্দুদের মালামাল লুটের নির্দেশ দেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তী।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দিলীপ কুমারের সাক্ষ্য নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে দিলীপ কুমার বলেন, তাঁর গ্রামের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর হাট শহর গ্রামে। একাত্তরে তাঁর বয়স ছিল ১৭ বা ১৮ বছর। মুক্তিযুদ্ধের সময় জয়পুরহাট মহকুমার মুসলিম লীগ নেতা, শান্তি কমিটির চেয়ারম্যান এবং রাজাকার বাহিনীর কমান্ডার আলীমের নেতৃত্বে জয়পুরহাটের বিভিন্ন থানায় হত্যা ও নির্যাতন হয়।দিলীপ কুমার আরও বলেন, একাত্তরে হাট শহর হাটে আলীম ও পাকিস্তানি মেজর আফজাল একটি সভা করেন। সেখানে রাজাকার ও শান্তি কমিটির প্রায় ৫০০-৬০০ জন সদস্য উপস্থিত ছিল। সেখানে মাইক দিয়ে বক্তব্য দেওয়ার সময় আলীম হিন্দুদের মালামাল ও সহায়সম্পত্তি লুট করতে বলেন। মাইকে দেওয়া ওই বক্তব্য তিনি তাঁদের বাড়িতে বসে শুনেছেন বলে জবানবন্দিতে বলেন।জবানবন্দিতে সাইদুর নামের একজন এবং তাঁর নিজের দেখা ১৯৭১ সালের আরও একটি ঘটনার বর্ণনা দেন দিলীপ কুমার। তিনি বলেন, ‘একটি গাড়িতে করে আটক ১০ জনকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে থাকা শান্তি কমিটির একজন সদস্য চিত্কার করে আটকদের জয়পুরহাটের শান্তি কমিটির কার্যালয়ে আলীমের কাছে পৌঁছে দিতে বলেন। এরপর তিনি এবং সাইদুর গ্রামে চলে আসেন। এর এক দিন পরে তিনি লোকজনের কাছে জানতে পারেন, আলীমের নির্দেশে ওই ১০ জনকে পাক সেনারা খঞ্জনপুর কুঠিবাড়ির ঘাটে হত্যার পরে গণকবর দিয়েছে।’ জবানবন্দি শেষে জেরা শুরু হলে দিলীপ কুমারকে মাত্র একটি প্রশ্ন করেন আসামিপক্ষের আইনজীবী মুহম্মদ তারিকুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম কাল সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।