আলীমকে কারাগারে পাঠানোর নির্দেশ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর জামিন আবেদনের শুনানি ৩১ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ সোমবার বেলা দুইটা ৪০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী তাঁর স্বাস্থ্যগত দিকে নজর রাখতে বলা হয়েছে। মুলতবির পর বেলা দুইটা ছয় মিনিটে শুরু হওয়া শুনানিতে অংশ নিয়ে ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক আবদুল আলীমের পক্ষে নতুন করে জামিন আবেদন করা হয়। এর বিরোধিতা করে প্রসিকিউটর প্রস্তুতির জন্য সময় চান। এর আগে বেলা ১১টার দিকে আদালত দুইটা পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন। তখন ট্রাইব্যুনাল আলীমের আইনজীবীকে নতুন জামিন আবেদন জমা দিতে বলেন। একই সঙ্গে প্রসিকিউশনকে আলীমের বিরুদ্ধে অভিযোগ-সংক্রান্ত অনুলিপি সরবরাহ করতে বলা হয়েছিল। আজ সকাল ১০টা ৩৪ মিনিটে আবদুল আলীমকে এজলাসে নিয়ে আসা হয়। হাতে ক্রেচ ও পুলিশের কাঁধে ভর দিয়ে তিনি এজলাসে আসেন। ১০টা ৩৬ মিনিটে বিচারকেরা এজলাসে আসেন। শুনানিতে অংশ নিয়ে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, ‘ট্রাইব্যুনালের নির্দেশ তামিল করা হয়েছে। তাঁকে হাজির করা হয়েছে। তাঁকে আটক রাখা না হলে তদন্তকাজ বিঘ্নিত হবে।’ তিনি তাঁকে আটক রাখার আবেদন জানান।এ পর্যায়ে আলীমের আইনজীবী তাজুল ইসলাম আটকাদেশ না দেওয়ার আরজি জানান। তিনি বলেন, ‘তিনি অসুস্থ। হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। আমরা অভিযোগের অনুলিপি পাইনি। তাই জামিনের আবেদন করা সম্ভব হয়নি।’এর আগে আজ সকাল সাড়ে আটটার দিকে আবদুল আলীমকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। তাঁকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। পরে তাঁকে এজলাসে নিয়ে যাওয়া হয়।কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রোববার রাত নয়টা ১০ মিনিটে জয়পুরহাট শহরের সদর রোডের (সদর থানার পাশে) বাসভবন থেকে আবদুল আলীমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রথমে তাঁকে জয়পুরহাট সদর থানায় নেওয়া হয়। রাত নয়টা ৪০ মিনিটের দিকে তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করা হয়। আজ সকালে ঢাকায় পৌঁছার পর তাঁকে সরাসরি ট্রাইব্যুনালে আনা হয়।মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বেলা ১১টার দিকে আবদুল আলীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাঁকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে এবং তাঁর স্বাস্থ্যগত দিকটি বিবেচনা করতে বলা হয়। ২৩ মার্চ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশন শাখার মাধ্যমে সুষ্ঠু-কার্যকর তদন্তের স্বার্থে আলীমকে গ্রেপ্তার ও আটক রাখার আবেদন করে। ট্রাইব্যুনাল কাল এ বিষয়ে শুনানি করে আবদুল আলীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।