আলীমকে নিরাপত্তা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ নির্দেশ দেন।ট্রাইব্যুনাল বলেন, আলীমের মামলার কার্যক্রম চলাকালে তাঁর যাতায়াতের পথে পুলিশি নিরাপত্তাব্যবস্থা থাকবে এবং তাঁর বনানীর বাসা সার্বক্ষণিক পুলিশি নজরদারির মধ্যে থাকবে। এ আদেশ পাওয়ার পর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।গতকাল আবদুল আলীমের নিরাপত্তা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। আবেদনে বলা হয়, ‘অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমের লিংক থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আল্লামা শফীর নেতৃত্বে হেফাজতে ইসলামের সাম্প্রতিক লংমার্চের সঙ্গে যে ষড়যন্ত্র জড়িত, তাতে যুদ্ধাপরাধে অভিযুক্ত আবদুল আলীমকে হিট করার জন্য তারা এরই মধ্যে পাকিস্তান থেকে স্নাইপার নিয়ে এসেছে। এ ঘটনা ঘটিয়ে দিতে পারলেই জামায়াতে ইসলামী দেখাতে পারবে যে, এই ট্রাইব্যুনালে আটক ব্যক্তিরা নিরাপদ নন এবং এ বিচার পুরোটাই প্রহসন।’শুনানিতে রানা দাশগুপ্ত ওই সংবাদ উদ্বেগজনক উল্লেখ করে ট্রাইব্যুনালকে তা আমলে নেওয়ার আরজি জানিয়ে বলেন, ন্যায়বিচারের স্বার্থে এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামি আবদুল আলীমের যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণের তাগিদে তাঁকে নিরাপত্তা হেফাজতে নেওয়া প্রয়োজন।এই আবেদনের ভিত্তিতে আজ এ আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।শারীরিক অসুস্থতার জন্য ২০১১ সালের ৩১ মার্চ থেকে জামিনে থাকা আলীম মামলার কার্যক্রমের দিনে ট্রাইব্যুনালে হাজির থাকছেন।